Published : 24 Dec 2025, 12:54 AM
ভারত সফরে ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে বিশ্রাম দিয়েছে নিউ জিল্যান্ড। তার বদলে নেতৃত্ব দেবেন আরেক স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
কুঁচকির চোটে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি স্যান্টনার। সেরে ওঠার পথে আছেন তিনি। বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার অবশ্য টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন।
আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে ওয়ানডেতে পাওয়া যাবে না এসএটোয়েন্টির কারণে। এছাড়া চোটের কারণে ওয়ানডে দলে নেই ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, মার্ক চ্যাপম্যান ও ম্যাট হেনরি। চ্যাপম্যান ও হেনরিকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। চোটাক্রান্ত আরেক ক্রিকেটার উইল ও’রোক নেই কোনো দলেই।
তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে খেলবেন না টম ল্যাথাম। ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে জ্যাকব ডাফি ও রাচিন রাভিন্দ্রাকে।
অনেকের অনুপস্থিতিতে ৩১ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স। ওয়ানডে দলে রাখা হয়েছে তাকে। এখন পর্যন্ত ৫৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৬৯টি উইকেট নিয়েছেন তিনি।
ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক ও মাইলেক রেও আছেন দলে। ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার আদিত্য আশোক ও পেস বোলিং অলরাউন্ডার জশ ক্লার্কসন।
আগামী ১১ জানুয়ারি ভাদোদরায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২১ জানুয়ারি, নাগপুরে।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ভালো সুযোগ এই সিরিজ। জানুয়ারির মাঝামাঝি সময়ে নিউ জিল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।
নিউ জিল্যান্ড ওয়ানডে দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকারি ফোকস, মিচেল হে, কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়াং।
নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, টিম রবিনসন, ইশ সোধি।