অবশেষে দেশের সফলতম ব্যাটসম্যানকে পাচ্ছে নিউ জিল্যান্ড
সাত মাসের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন।
নিউ জিল্যান্ডের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান অবশেষে হতে যাচ্ছে। সাত মাসের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন দেশটির ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাচ্ছে কিউইরা।
তিন ম্যাচের সিরিজটির জন্য সোমবার ১৪ জনের দল দিয়েছে নিউ জিল্যান্ড। তলপেটের চোট কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ন্যাথান স্মিথ।
নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বেছে বেছে সিরিজ খেলছেন উইলিয়ামসন। সবশেষ তাকে দেশের হয়ে খেলতে দেখা গেছে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর জাতীয় দলের খেলা থাকলেও তিনি ব্যস্ত ছিলেন কাউন্টি ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার কথা ছিল ৩৫ বছর বয়সী উইলিয়ামসনের। কিন্তু ছোটখাটো ‘মেডিকেল ইস্যু’ থাকায় তাকে রাখা হয়নি দলে। সেই সমস্যা কাটিয়ে ওঠায় ওয়ানডে সিরিজের দলে অভিজ্ঞ ক্রিকেটারকে ফেরানো হয়েছে।
গত অগাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের মাঝপথে চোট পান স্মিথ। এরপর থেকে মাঠের বাইরে তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে পেশাদার ক্রিকেটে ফেরার অপেক্ষায় এই ক্রিকেটার।
স্মিথের মতোই তলপেটের সমস্যায় ভুগছিলেন মিচেল স্যান্টনার। সেরে উঠে ইংলিশদের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরেছেন কিউইদের নিয়মিত অধিনায়ক। ওয়ানডে সিরিজেও তাকে পাচ্ছে দল।
চোটের কারণে এখনও মাঠের বাইরে অলরাউন্ডার গ্লেন ফিলিপস (কুঁচকি), ফাস্ট বোলার অ্যাডাম মিল্ন (অ্যাঙ্কেল), ওপেনার ফিন অ্যালেন (পা), পেসার উইল ও’রোক (পিঠ) ও বেন সিয়ার্স (হ্যামস্ট্রিং)।
লম্বা সময় পর নিউ জিল্যান্ডের জার্সিতে দেখা যাবে টম ল্যাথামকে। এই কিপার-ব্যাটসম্যান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর কোনো ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেননি। কাঁধের চোটে খেলতে পারেননি জিম্বাবুয়ে সফরে।
আগামী রোববার শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর।
নিউ জিল্যান্ড ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, রাচিন রাভিন্দ্রা, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
