Published : 07 Sep 2026, 09:38 PM
সোনার জন্য যে ক্রিকেটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ, বুঝতে পারছেন মোহাম্মদ সালাউদ্দিন। প্রত্যাশা মেটানোর জন্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিজ্ঞ এই কোচ।
এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র সোনা এসেছিল ক্রিকেটের হাত ধরে, ২০১০ সালে। দেড় দশকের বেশি সময় আগে পাওয়া সাফল্যের পুনরাবৃত্তি এবারের আসরেও করতে চায় তারা। এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিসিবির হাই পারফরম্যান্সের (এইচপি) প্রধান কোচ সালাউদ্দিন।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে হবে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ২০তম আসর। এই প্রতিযোগিতার সবশেষ চার আসরের তিনটিতেই ছিল ক্রিকেট। সবগুলোতেই কোনো না কোনো পদক জিতেছে বাংলাদেশ। সালাউদ্দিন আত্মবিশ্বাসী এবার দেশবাসীর প্রত্যাশা মেটাতে পারবেন তারা।
“এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত করার সবসময়ই একটা আগ্রহ থাকে। আমি মনে করি, এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে, বাংলাদেশ ক্রিকেট ভালো করবে। আমরা সাধারণত (এশিয়ান গেমসে) খুব বেশি পদক পাইও না। যেহেতু ক্রিকেট (আছে), পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। যেন আমরা ভালো করি এবং আশা করি ভালো করব। যেহেতু খেলতে যাচ্ছি, এখানে আসলে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।
“আমার কাছে মুখ্য বিষয় আমরা একটা জায়গায় খেলতে যাচ্ছি, দেশের প্রতিনিধিত্ব করছি। এখানে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যেন ওখানে খেলাটার দিকেই তাকিয়ে থাকি।”
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের লড়াই। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা পাওয়ায় ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনাল দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে অংশ নেবে- মালয়েশিয়া, নেপাল ও ওমান।
সালাউদ্দিন এগিয়ে যেতে চান ধাপে ধাপে।
“আমরা মনে হয় একটা চ্যালেঞ্জিং সিরিজ (টুর্নামেন্ট) হবে। এবং আমাদের যে গ্রুপটা হয়েছে, আমি মনে করি ফাইনালে যাওয়ার মতো খুব সহজ সুযোগ আছে, যদি আমরা ভালো খেলি।”
সর্বোচ্চ সাফল্য পেতে ক্রিকেটারদের জন্য কী চ্যালেঞ্জ হবে, সেটাও স্পষ্ট করেছেন তিনি।
“আমরা যত তাড়াতাড়ি পারি (টি-টোয়েন্টিতে) মানিয়ে নেওয়া এবং টি-টোয়েন্টিতে যে ছন্দে ছিলাম শেষ তিন-চার সিরিজ আগে, সেই ছন্দ আমরা কত তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেটাই একটা বড় চ্যালেঞ্জ।”
এশিয়ান গেমসে নিজেদের সেরা দল পাঠাবে ভারত। এছাড়া নেপাল-ওমানের মতো দেশগুলোও নিজেদের সেরা দল খেলাবে এই আসরে। তাদের পথ অনুসরণ করেই জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত বলে দাবি দেশের এই অভিজ্ঞ কোচের।
“প্রথমে আমাদের এইচপি দলের যাওয়ার কথা ছিল। কিন্তু যখন আমরা দেখি যে অন্যান্য দেশগুলোও তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, তো সেখানে আমরা কেন পাঠাব না?”
ছেলেদের মতো বাংলাদেশের মেয়েদের পূর্ণ শক্তির দলও যাবে এশিয়ান গেমস খেলতে। আগামী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে মেয়েদের ইভেন্ট। ছেলেদের মতো তাদের সাফল্য নিয়েও আশাবাদী এইচপি প্রধান।
“আমরা আশা করব, ছেলে এবং মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো ফলাফল নিয়ে আসব।”