লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কিউই পেসার
উইল ও’রোকের পাশাপাশি মাঠের বাইরে থাকতে হবে গ্লেন ফিলিপস ও ফিন অ্যালেনকেও, শঙ্কা আছে মিচেল স্যান্টনারকে পাওয়া নিয়েও।
স্বপ্নময় পথচলায় হঠাৎই দুঃস্বপ্নের হানা। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর দ্রুতই নিউ জিল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন উইল ও’রোক। কিন্তু এবার ছন্দপতন ফাস্ট বোলারদের চেনা শত্রু চোটের থাবায়। অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন নিউ জিল্যান্ডের এই পেসার। অবস্থা বুঝে সময়টা বাড়তে পারে আরও।
আরও বড় শঙ্কার কারণ, তার এই চোট পিঠের নিচের দিকের স্ট্রেস ফ্র্যাকচার। এই ধরনের চোট অনেক পেসারকেই দুর্ভোগে ফেলেছে নানা ভাবে।
সম্প্রতি জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্টে পিঠে জড়তা অনুভব করেন ও’রোক। দেশে ফেরার পর পরীক্ষা করিয়ে তার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। তিন মাসের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং শেষে শরীরের অবস্থা বুঝে তার মাঠে ফেরার সিদ্ধান্ত হবে। সামনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না তিনি নিশ্চিতভাবেই, শঙ্কা আছে ডিসেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়েও।
কোচ রব ওয়াল্টারের আশা, অস্ত্রোপচার ছাড়াই ২৫৪ বছর বয়সী পেসার সুস্থ হয়ে উঠবেন সময়মতো।
“এই মুহূর্তে উইলের (ও’রোক) প্রতি আমরা সমব্যথী ও তার দ্রুত সুস্থতা কামনা করছি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা এত দারুণ করেছে সে, এরপর এমন চোট স্বাভাবিকভাবেই খুব হতাশার। তবে সে দৃঢ় মানসিকতার ছেলে এবং পরিশ্রম করে আরও ভালোভাবে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ।”
“আমরা আশা করছি (তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে)… স্ট্রেস ফ্র্যাকচার তো এই শিল্পের (পেস বোলিং) অপরিহার্য অংশই, তবে যখন এটা হয়, কখনোই তা ভালো নয়। এই পর্যায়ে বলতে পারি, তিন মাস পর আমরা পর্যালোচনা করব, আশা করি, ভালোভাবে ঠিক হয়ে উঠবে সে এবং তাকে আমরা খেলায় ফেরাতে পারব।”
গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেট নিয়ে টেস্ট অভিষেক ও’রোকের। এখনও পর্যন্ত ১১ টেস্টে তার শিকার ৩৯টি, ১৭ ওয়ানডেতে ২২টি, ৭ টি-টোয়েন্টিতে ৭টি।
নিউ জিল্যান্ডের জন্য দুঃসংবাদের শেষ নয় এখানেই। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে কুঁচকির চোটের কারণে খেলতে না পারা গ্লেন ফিলিপসের মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে আরও। অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না এই অলরাউন্ডার।
মেজর লিগ সকারে খেলতে গিয়ে গত মাসের মাঝামাঝি কুঁচকির চোটে পড়েন ফিলিপস। সেই চোটই মাঠের বাইরে রাখছে আগ্রাসী এই অলরাউন্ডারকে।
মেজর লিগ সকারেই চোটে পড়েন আসরের প্রথম ম্যাচে ছক্কার বিশ্বরেকর্ড গড়া ফিন অ্যালেন। তার ডান পায়ে অস্ত্রোপচার হয়েছে। বিধ্বংসী ওপেনারকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত তিন মাস। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান নিউ জিল্যান্ডের হয়ে মূলত টি-টোয়েন্টিই খেলে থাকেন, সেটিও নিজের সুবিধামতো সময়ে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলার জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি আগেই।
আরেকটি বড় শঙ্কাও আছে নিউ জিল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চয়তা আছে মিচেল স্যান্টনারকে পাওয়া নিয়েও। ইংল্যান্ডের দা হান্ড্রেড থেকে কুঁচকিতে ব্যথা নিয়ে ফিরেছেন কিউইদের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক। তার অ্যাবডমিনালে অস্ত্রোপচার করাতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে পেতে সবরকমের চেষ্টাই করা হবে বলে জানানো হয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে।
এসবের ভিড়ে একটি সুখবর, চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন পেসার বেন সিয়ার্স।
