১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ভাঙল ২৩২ বছরের পুরোনো রেকর্ড

ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে পড়েছে ১৫ উইকেট!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 05:32 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

১২ রানে ৫ উইকেট- ম্যাচের তৃতীয় দিনের সকালে প্রতিপক্ষের ইনিংসে ধস নামালেন শেহজাদ গুল ও সাজিদ খান। তাতে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের সামনে লক্ষ্য দাঁড়াল মাত্র ৪০ রানের। কিন্তু সেটাও করতে পারল না তারা! এতে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩২ বছর পুরোনো এক রেকর্ড ভাঙল পাকিস্তান টেলিভিশন।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট প্রেসিডেন্ট ট্রফিতে শনিবার অবিশ্বাস্য এই ঘটনার জন্ম হয়েছে। প্রতিপক্ষকে ৪০ রানের লক্ষ্য দিয়ে, ১৯.৪ ওভারে তাদেরকে ৩৭ রানে গুঁড়িয়ে দিয়ে ২ রানের অভাবনীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান টেলিভিশন।

প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এত কম রানের লক্ষ্য দিয়ে জয়ের নজির নেই। ১৭৯৪ সালে এমসিসিকে ৪১ রানের লক্ষ্য দিয়ে ওল্ডফিল্ডের ৬ রানের জয় ছিল আগের রেকর্ডটি।

রেকর্ডটি নতুন করে লেখা হলো করাচিতে। প্রথম ইনিংসে পাকিস্তান টেলিভিশনকে ১৬৬ রানে গুটিয়ে দিয়ে, এক পর্যায়ে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডও (এসএনজিপিএল) ব্যাটিং ধসে পড়ে। ১২৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে সাইফুল্লাহ বাঙ্গাসের ৭১ রানের সৌজন্যে ২৩৮ রানের ইনিংস গড়ে দলটি।

৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ব্যাটিংয়ে আশা জাগাতে পারেনি পিটিভি। ৫ উইকেটে ৯৯ রান করে দ্বিতীয় দিন শেষ করে তারা, ওই সময় দলটি এগিয়ে ছিল মাত্র ২৭ রানে।

তৃতীয় দিনের সকালে শেজহাদ ও সাজিদের দারুণ বোলিংয়ে আরেক দফা ব্যাটিং ধসে পড়ে পিটিভি, আর ১২ রান করতেই বাকি পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। এসএনজিপিএলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।

কিন্তু এই বছরের কায়েদ-ই-আজম-ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারী আলি উসমান ও আমাদ বাটের ক্ষুরধার বোলিংয়ের সামনেই দাঁড়াতেই পারেনি এসএনজিপিএল। দলটির মাত্র একজন দুই অঙ্ক ছুঁতে পারেন, সাইফুল্লাহ (১৪)।

বাঁ হাতি স্পিনার উসমান ৯.৪ ওভারে ৯ রান দিয়ে নেন ছয় উইকেট আর আমাদ বাট ১০ ওভারে ২৮ রান দিয়ে ধরেন চার শিকার।