২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অভিজ্ঞদের দলে ফিরিয়ে বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডস

ডাচদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্বকাপের স্কোয়াডে নেই ৯ জন ক্রিকেটার।

অভিজ্ঞদের দলে ফিরিয়ে বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 12:54 AM

Updated : 26 Aug 2026, 05:33 PM

একগাদা পরিবর্তন এনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজিয়েছে নেদারল্যান্ডস। দলে ফিরেছেন বেশ কয়েকজন পরিচিত মুখ।

রুলফ ফন ডার মেরওয়া, বাস ডে লেডে, কলিন আকারম্যান, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেনের মতো অভিজ্ঞরা ১৫ সদস্যের দলে ফিরেছেন। মাইকেল লেভিট ও জ‍্যাক লায়ন-কাশেয়কেও ফেরানো হয়েছে।

৪১ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার ফন ডার মেরওয়া, পেস বোলিং অলরাউন্ডার ডে লেডে, টপ অর্ডার ব্যাটসম্যান লেভিট, স্পিনিং অলরাউন্ডার কাশেয়- চার জনই সবশেষ খেলেছেন গত জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ অঞ্চলের ফাইনাল।

৩৪ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার আকারম্যান জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। একই সময়ে সবশেষ খেলেছেন ৩৪ বছর বয়সী পেসার ফন ডার গুগটেনও। ৩৫ বছর বয়সী পেসার ফন বিক সবশেষ খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে। 

গত অগাস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলা ডাচদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্বকাপের স্কোয়াডে নেই ৯ জন ক্রিকেটার- ভিক্রামজিৎ সিং, আনিল নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সিদ্রিক দি লাঙ্গা, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল, সেবাস্তিয়ান ব্র্যাট।

আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিন কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন আকারম্যান, বাস ডে লেডে, মাইকেল লেভিট, জ‍্যাক লায়ন-কাশেয়, লোগান ফন বিক, রুলফ ফন ডার মেরওয়া, টিম ফন ডার গুগটেন