১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অঙ্কনের নেতৃত্বে ‘এ’ দলে জয়-ইয়াসির-সাইফ

অস্ট্রেলিয়া সফরে চারদিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন, টেস্ট দল থেকে বাদ পড়া কয়েকজনের সঙ্গে উঠতি ক্রিকেটাররা আছেন এই দলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 07:39 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

অস্ট্রেলিয়ায় চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট দল থেকে বাদ পড়া কয়েকজনের সঙ্গে উঠতি ক্রিকেটাররা আছেন এই দলে। 

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান দেশে ফিরবেন এই টুর্নামেন্ট শেষে। এতে ইঙ্গিত মিলছে, এই কিপার-ব্যাটসম্যানকে দেখা যেতে পারে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপের বাংলাদেশ জাতীয় দলে।

বাংলাদেশ টেস্ট দলের একসময়ের নিয়মিত সদস্য মাহমুদুল হাসান জয় সুযোগ পেয়েছেন ‘এ’ দলে। ১৮ টেস্ট খেলা ব্যাটসম্যান দলে জায়গা হারিয়েছেন টানা ১৭ ইনিংস ফিফটিবিহীন থাকার পর।

জয়ের মতোই টেস্ট দলে ফেরার দাবি জানানোর সুযোগ পাবেন সাইফ হাসান, শাহাদাত হোসেন ও ইয়াসির আলি চৌধুরি। টেস্ট দলের নিয়মিত পেসার হাসান মাহমুদ ও সবশেষ শ্রীলঙ্কা সফরে দুটি টেস্টই খেলা অফ স্পিনার নাঈম হাসানও আছেন ‘এ’ দলে।

ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আলোচনায় থাকা ব্যাটসম্যান অমিত হাসানও জায়গা পেয়েছেন এই দলে। গত মে মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দলেও ছিলেন সম্ভাবনাময় এই ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটের আরেক পারফরমার বাঁহাতি স্পিনার হাসান মুরাদও আছেন দলে। 

গত জাতীয় লিগে ৫৬৩ রান করে নজরকাড়া ইফতিখার হোসেন ইফতি প্রথমবার সুযোগ পেয়েছেন ‘এ’ দলে। 

এই সফর দিয়ে চোট কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরবেন পেসার মুশফিক হাসান। নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচে খেলা পেসার এনামুল হকও আছেন এই সফরে। 

টপ এন্ড টি-টোয়েন্টি শেষে চারদিনের ম্যাচটি শুরু ২৮ অগাস্ট। ডারউইনে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ সাউথ অস্ট্রেলিয়া। 

বাংলাদেশ ‘এ’ দল: মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতিখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইয়াসির আলি চৌধুরি, রকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুশফিক হাসান, এনামুল হক, হাসান মাহমুদ।