২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এক ওভারে ৩২ রান, ৮ ছক্কায় ডিভাইনের বিধ্বংসী ৯৫

২০২৩ আসরে ৯৯ রানে আউট হওয়া সোফি ডিভাইন আরেকবার সেঞ্চুরির দুয়ারে গিয়ে ফিরলেন।

এক ওভারে ৩২ রান, ৮ ছক্কায় ডিভাইনের বিধ্বংসী ৯৫
ব্যাটের তেজ দেখালেন ৩৬ বছর বয়সী সোফি ডিভাইন। ছবি: ডব্লিউপিএল ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 10:41 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং পেয়ে বল ফেলার যেন জায়গা খুঁজে পেলেন না স্নেহ রানা। ভারতীয় অফ স্পিনারের ওভারের প্রতিটি বল সোফি ডিভাইন পাঠালেন বাউন্ডারিতে; প্রথম দুটি মাটি দিয়ে গড়িয়ে, পরের চারটি হাওয়ায় ভাসিয়ে। শেষ পর্যন্ত যদিও কিছুটা আক্ষেপ নিয়ে ফিরতে হলো ডিভাইনকে।

ভারতের উইমেন’স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি ডিভাইন। গুজরাট জায়ান্টসের হয়ে ৮ চার ও ৭ ছক্কায় ৪২ বলে ৯৫ রানের ইনিংস খেলেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক।

ডব্লিউপিএলে তিনি দ্বিতীয়বার নব্বইয়ের ঘরে আউট হলেন। ২০২৩ আসরে গুজরাট জায়ান্টসের বিপক্ষে রান তাড়ায় ৩৬ বলে ৯৯ রান করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। 

নাভি মুম্বাইয়ে রোববার প্রথম পাঁচ ওভারে ডিভাইনের রান ছিল ২১ বলে ৩৩। ষষ্ঠ ওভারে রানার প্রথম বল ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মারেন তিনি। পরের বলে আউট হতে পারতেন, পয়েন্টে ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় জমাতে পারেননি ফিল্ডার, হয়ে যায় আরেকটি চার।

জীবন পেয়ে তৃতীয় বল বেরিয়ে এসে লং-অনের ওপর দিয়ে ছক্কা মারেন ডিভাইন। চতুর্থ বল ডিপ মিড-উইকেটের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে ফিফটি পূর্ণ করেন ২৫ বলে। পরের বল হাঁটু গেঁড়ে ছক্কা একই জায়গা দিয়ে। শেষ বলে ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে, মোট ৩২ রান নিয়ে ওভার শেষ করেন তিনি। 

ডব্লিউপিএলে সবচেয়ে খরুচে ওভারের রেকর্ড এটি। গত আসরে এক ওভারে দিপ্তি শার্মার ২৮ রান ছিল আগের সর্বোচ্চ।

নবম ওভারে শ্রি চারানিকে তিনটি ছক্কা মেরে ৯১ রানে পৌঁছে যান ডিভাইন। এরপর আর কোনো বাউন্ডারি তিনি পাননি, একাদশ ওভারে নান্দানি শার্মার স্লোয়ারে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ৩৬ বছর বয়সী অলরাউন্ডার।

ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন নান্দানি। এই ওভারে চারটিসহ ৩৩ রানে ৫ উইকেট শিকার করেন ভারতীয় পেসার। 

দ্বিতীয় ভারতীয় ও সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে এই প্রতিযোগিতায় হ্যাটট্রিকের স্বাদ পেলেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।