Published : 01 Aug 2026, 01:57 PM
খেলা শেষে ড্রেসিং রুমে কথা বলার জন্য দাঁড়ালেন অধিনায়ক। এটা তো নিয়মিত চিত্রই। তবে এবার তার কথার সুর অন্যরকম। মুখে এক চিলতে হাসি নিয়ে স্কট এডওয়ার্ডস বললেন, “হঠাৎ করে এই খবরটা তোমাদের দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি আসলে এখন থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি।” তার বক্তব্য শেষের পরপরই জানানো হলো উত্তরসূরীর নাম। নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডে লেডে।
নেদারল্যান্ডসের ইউট্রেখটে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এ নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষে নেতৃত্ব ছাড়ার এই ঘোষণা দেন এডওয়ার্ডস। এই ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৬৭ রানের অপরাজিত ইনিংস। টুর্নামেন্টের ইউট্রেখট পর্বের চার ম্যাচের তিনটিতেই তিনি ফিফটি করেন, আরেকটিতে করেন ৪০। তার দল জেতে তিন ম্যাচে।
তার পরও সরে যাওয়ার জন্য এটিকেই সঠিক সময় মনে করছেন এই কিপার-ব্যাটার। সামাজিক মাধ্যমে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভিডিওতে ২৯ বছর বয়সী ক্রিকেটারকের দেখা যায় সতীর্থদের কাছে নিজের সিদ্ধান্ত জানাতে।
“হঠাৎ করে তোমাদের এই খবরটা দেওয়ার জন্য আমি দুঃখিত। আমি আসলে এখন থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি। এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে কুকি (সাবেক কোচ রায়ান কুক) ও আমি আলোচনা করছিলাম এবং আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। আমার মনে হয়, এখনই উপযুক্ত সময়।
আমি মনে করি, একজন খেলোয়াড় হিসেবে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে এবং স্পষ্টতই, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। অসাধারণ এক দল এটি। আমি মনে করি পুরো বিশ্বই আমাদের হাতের মুঠোয় এবং ভবিষ্যতে কী হতে চলেছে, সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
২০২২ সালের জুনে ইংল্যান্ড সফর দিয়ে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয়েছিল এডওয়ার্ডসের। ৫৬ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, সেখানে জয় ২৪টি, পরাজয় ২৯টি, একটি ম্যাচ ছিল টাই, দুটি পরিত্যক্ত। ডাচদের সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া ও জয়, দুটি রেকর্ডেই তার ধারেকাছে নেই কেউ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে দেয় তারা।
টি-টোয়েন্টিতে তার নেতৃত্বে ৫০ ম্যাচে জয় ২৩টি। যথারীতি এই দুটিও রেকর্ড। সেখানেও ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় দুটি জয় এসেছে তার নেতৃত্বে।
এডওয়ার্ডস জানালেন, সিদ্ধান্ত তার আগেই নেওয়া ছিল। অপেক্ষা করছিলেন, ইউট্রেখট পর্বের খেলা শেষ হওয়ার।
“আমি চাইনি যে এই ব্যাপারটা সিরিজের মাঝে কোনো বাধা হয়ে দাঁড়াক, তবে আমার পক্ষ থেকে এটুকুই। গত চার বছর ধরে আমার জন্য এবং এই দলের জন্য তোমরা যে প্রচেষ্টা করেছ, তার জন্য আমার কোনো কৃতজ্ঞতা প্রকাশই যথেষ্ট নয়। আমার জন্য এটা ছিল সত্যিই বড় এক সম্মান। এই কমলা জার্সি পরতে ভালোবাসি আমি এবং সামনে আরও অনেক বছরের জন্য অপেক্ষা করতে তর সইছে না।”
নতুন অধিনায়ক বাস ডে লেডেকে মনে করা নেদারল্যান্ডসের সেরা ক্রিকেটার। ৬১ ওয়ানডে ও ৪৯ টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা নেই। ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আন্তরিক কৃতজ্ঞতা জানালে বিদায়ী অধিনায়কের প্রতি।
“যদি আমি দলের পক্ষ থেকে কথা বলতে পারি, আপনি বছরের পর বছর ধরে আমাদের সত্যিই দারুণ কিছু লড়াইয়ের সুযোগ করে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য।
এমনকি আমাদের মধ্যে কেউ কেউ নিজেদের বা দলের ওপর বিশ্বাস না রাখলেও, আপনি যেভাবে প্রতিটি খেলায়, দিনের পর দিন, পরিকল্পনা কী ছিল এবং কীভাবে তা বাস্তবায়ন করা হবে, তা আমাদের বুঝিয়েছেন, সবকিছু ছিল স্পেশাল এবং একজন ক্রিকেটে হিসেবে আমার নিজের সামর্থ্যের ওপর বিশ্বাসকে আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এটা শুধু দলকেই সাফল্যের জন্য প্রস্তুত করে না, বরং প্রত্যেক খেলোয়াড়কেও সাফল্যের জন্য প্রস্তুত করে।”
ডে লেডে বললেন, নিজের বিশ্বাসটা দলের ভেতর ছড়িয়ে দিতে পেরেছিলেস এডওয়ার্ডস।
“আমার মনে হয়, আমাদের সকলেরই আপনার খুব কৃতজ্ঞ থাকা উচিত, কারণ একজন মানুষ এতটা নিঃস্বার্থ হয়ে অন্যদের সেরা পারফর্ম করার জন্য উপযুক্ত পরিবেশে তৈরি করে দেন। এটা সত্যিই অসাধারণ।
একজন ক্রিকেটার হিসেবে আপনার কাছ থেকে ভবিষ্যতে আরও কী কী আসবে, তা দেখার জন্য আমি খুবই রোমাঞ্চিত। আমার মনে হয় আপনি একজন খুবই স্পেশাল ক্রিকেটার এবং মাঠে আপনাকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে আছি।”
ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এর পয়েন্ট তালিকায় এখন ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র।
এই টুর্নামেন্টের শীর্ষ চারটি দল আগামী বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবে।