২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘মনে করো বাড়ির উঠোনে খেলছো’, অভিষেকে কনস্টাসকে উপভোগের মন্ত্র কামিন্সের

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজারের বেশি দর্শকের সামনে টেস্ট অভিষেক হবে ১৯ বছর বয়সী কনস্টাসের।

‘মনে করো বাড়ির উঠোনে খেলছো’, অভিষেকে কনস্টাসকে উপভোগের মন্ত্র কামিন্সের
স্যাম কনস্টাস (বাঁয়ে) ও প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 08:26 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

বক্সি ডে টেস্ট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে খেলা। দর্শক থাকতে পারে ৯০ হাজারের বেশি। ১৯ বছর বয়সী একজনের অভিষেকের জন্য কম চাপের নয়। ১৮ বয়স বয়সে টেস্ট অভিষেক হয়েছিল যার, সেই প্যাট কামিন্স তা ভালো করেই বুঝতে পারেন। নিজের অভিজ্ঞতা থেকে তরুণ স্যাম কনস্টাসকে বাড়তি চিন্তা না করে স্রেফ উপভোগ করার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। 

২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কামিন্সের টেস্ট অভিষেক হয় ১৮ বছর ১৯৩ দিন বয়সে, হয়ে যান অস্ট্রেলিয়ার দ্বিতীয় কনিষ্ঠ টেস্ট ক্রিকেটার। স্রেফ তিনটি প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা নিয়ে টেস্ট ক্যাপ পেয়েছিলেন তিনি। জোহানেসবার্গে অভিষেকে দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন তিনিই। দলের জয়সূচক রান এসেছিল তার ব্যাট থেকেই।

১১টি প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা নিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার টেস্ট অভিষেক হবে কনস্টাসের। ১৯ বছর ৮৫ দিন বয়সে তার মাথায় উঠবে যখন স্বপ্নের ‘ব্যাগি গ্রিন’, তিনি হয়ে যাবেন অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠ টেস্ট ক্রিকেটার আর দেশটির সর্বকনিষ্ঠ ওপেনার। ১৯২৯ সালে ওপেনার হিসেবে ১৯ বছর ১৪৯ দিন বয়সে অভিষেক হয়েছিল আর্চি জ্যাকসনের।    

কনস্টাস যার সঙ্গে ইনিংস শুরু করতে নামবেন, সেই উসমান খাওয়াজার বয়স তার দ্বিগুণ।

বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট শুরুর আগের দিন নিজের অভিষেকের অভিজ্ঞতা তুলে ধরে কামিন্স বললেন, অনভিজ্ঞ হওয়ার সুবিধাও আছে কিছু।   

“আগের দিন স্যামকে (কনস্টাস) বলছিলাম; আমার মনে আছে ১৮ বছর বয়সী হিসেবে আমি অনেক বেশি স্বাধীনতা পেয়েছিলাম, কারণ আমি তরুণ ছিলাম। তখন মনে হয়েছিল, যদি আমি ভালো না করি তাহলে তা আমার দোষ নয়, আমাকে বেছে নেওয়ার জন্য নির্বাচকদের দোষ। বিষয়টি এমন যে, তারাই বোকা যারা ১৮ বছর বয়সী একজনকে বেছে নিয়েছে। এত অল্প বয়সে তোমার (কনস্টাস) ক্যারিয়ার শুরু হচ্ছে, বক্সিং ডে, এর চেয়ে ভালো কিছু হয় না, তাই মুহূর্তটি উপভোগ করো।”

“আমি সেখানে কেন বা কীভাবে গেলাম, কীভাবে এত তাড়াতাড়ি সবকিছু ঘটে গেল, এসব ভেবে কিছুটা সময় কাটিয়েছিলাম। মনে আছে, আমি খুব রোমাঞ্চিত ছিলাম, এই সপ্তাহে স্যামির মতোই। অনভিজ্ঞতার এই পর্যায়ে মাঠে গিয়ে নিজের মতো করে খেলো, যেমনটা ছোটবেলায় বাড়ির উঠোনে খেলেছো। খেলা শুরু করো, উপভোগ করো এবং বাড়তি চিন্তা করো না। স্যামকে এটাই আমার বার্তা। ১৮ বছর বয়সী হিসেবে আমি এমনটাই অনুভব করেছিলাম। একবার যখন খেলা শুরু হয়ে যাবে, এটা অন্য একটা ম্যাচের মতোই।”

কনস্টাসের ওপর বাড়তি চাপ থাকবে আরেকটা কারণে। সিরিজের প্রথম তিন টেস্টে ব্যর্থ ন্যাথান ম্যাকসুয়েনির জায়গায় শেষ দুই টেস্টের দলে সুযোগ পেয়েছেন তিনি। তাই আতশি কাঁচের নিচে থাকবে তার পারফরম্যান্স।

পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা নিয়ে মেলবোর্ন টেস্টে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।