২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এলপিএলে লিটনের সতীর্থ মিরাজ, কলম্বোতে হাসান

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার হাতছানি মিরাজ ও হাসানের সামনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 09:03 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথমবার দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। প্লেয়ার্স ড্রাফট থেকে স্পিনিং অলরাউন্ডার মিরাজকে দলে নিয়েছে গল গ্যালান্টস। আর পেসার হাসানকে টেনেছে কলম্বো ক্যাপ্স।

শ্রীলঙ্কার এই ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ড্রাফট হয় সোমবার। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাহিদ রানা, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, শামীম হোসেনসহ নাম দিয়েছিলেন বাংলাদেশের আরও অনেকেই। তবে ড্রাফট থেকে কেবল দল পেলেন মিরাজ ও হাসান।

গলে সতীর্থ হিসেবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে পাচ্ছেন মিরাজ। ড্রাফটের আগের দিন এই কিপার-ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি করে ফ্র্যাঞ্চাইজিটি।

দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা হয়নি মিরাজ ও হাসানের। মিরাজ অবশ্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের অংশ ছিলেন। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭২ ম্যাচ খেলে ২ হাজার ২৭৬ রান করেছেন মিরাজ। সাতটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন তিনি। সেঞ্চুরির স্বাদ পাননি এখনও। আর অফ স্পিনে ১১৮ শিকার ধরেছেন অভিজ্ঞ ক্রিকেটার।

কনুইয়ের চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরতে যাচ্ছেন হাসান। ডানহাতি এই পেসার স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচ খেলে ১১২ উইকেট নিয়েছেন। 

এবারের এলপিএলের জন্য দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে। ড্রাফটের আগেই তাদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজি দুটি।

আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএল। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ নিজেদের শেষ ম‍্যাচ খেলবে ১৯ জুলাই।