০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওপেনিংয়ে ৫ চার ও ১ ছক্কায় সোহানের ২৯

প্রথমবার দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারলেন না নুরুল হাসান সোহান।

ওপেনিংয়ে ৫ চার ও ১ ছক্কায় সোহানের ২৯
ঝড়ো ইনিংস খেলে ফিরছেন নুরুল হাসান সোহান। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 09:15 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

দেশের ক্রিকেটে সাধারণত মিডল অর্ডার ও লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করে থাকেন নুরুল হাসান সোহান। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) চমক জাগিয়ে তাকে নামানো হলো ওপেনিংয়ে। শুরুটাও তিনি করলেন দারুণ। যদিও ঝড়ো শুরুর পর, ইনিংস বড় করতে পারলেন না এই কিপার-ব্যাটসম্যান।

গল গ্যালান্টসের হয়ে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে রোববার পাঁচ চার ও এক ছক্কায় ১৩ বলে ২৯ রান করেন সোহান।

এই ম্যাচ দিয়েই দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হলো ৩২ বছর বয়সী ক্রিকেটারের।

গলের হয়ে খেলার কথা ছিল মূলত লিটন কুমার দাসের। চোটের কারণে খেলতে যেতে পারেননি তিনি। তার বদলি হিসেবে নেওয়া হয় সোহানকে।

গলের আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে ৫ রান করে আউট হন বাংলাদেশের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ডাম্বুলার বিপক্ষে একাদশে জায়গা হারান তিনি। তার জায়গাতেই নামানো হয় সোহানকে।

ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নামে গল। প্রথম ওভারে এক বল খেলে এক রান নেন সোহান। দ্বিতীয় ওভারে তিনি চারটি চার মারেন আফগান পেসার গুলবাদিন নাইবকে। 

ওভারের প্রথম বলে খাটো লেংথের ডেলিভারি ডিপ মিডউইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠান সোহান। পরের বলে স্কুপ শটে চার মারেন শর্ট থার্ডম্যান ফিল্ডারের মাথার ওপর দিয়ে।    

তৃতীয় বলে রান আসেনি। পরের বলে শর্ট ডেলিভারিতে চমৎকার হুক শট খেলেন সোহান, ফিল্ডারের ব্যর্থতায় আরেকটি চার পেয়ে যান তিনি। বোলার ‘ওভারস্টেপ’ করায় ‘নো’ বলও ছিল এটি।

চতুর্থ বলে বাউন্ডারি হয়নি কিপারের দৃঢ়তায়। পঞ্চম বলে আরেকটি দারুণ শটে পয়েন্ট দিয়ে চার মারেন সোহান।

এই ওভারে আসে ১৭ রান।

তৃতীয় ওভারে দুই বল খেলে দুটি সিঙ্গল নেন সোহান। পরের ওভারে দুশমান্থা চামিরাকে স্লগ সুইপে ছক্কা মারার পরের বলে চার মারেন তিনি। কিন্তু পরের বল মিড-অনের ওপর দিয়ে খেলার চেষ্টায় ঠিকমতো টাইমিং করতে পারেননি, আউট হয়ে যান ক্যাচ দিয়ে।