২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

উগান্ডা জাতীয় দলে ভারতের ক্রিকেটার

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের দলে আছেন সুমিত ভার্মা।

উগান্ডা জাতীয় দলে ভারতের ক্রিকেটার
সুমিত ভার্মা। ছবি: সুমিতের ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 04:12 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটার সুমিত ভার্মা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের দলে এই ব‍্যাটিং অলরাউন্ডারকে রেখেছে উগান্ডা।

৩৪ বছর বয়সী সুমিত সবশেষ ২০২৪-২৫ মৌসুমে ছিলেন হিমাচল প্রদেশ দলে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাতটি এবং বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি ম‍্যাচ খেলেন তিনি। হিমাচলের হয়ে সবশেষ তিনি মাঠে নামেন গত জানুয়ারিতে, অন্ধ্র প্রদেশের বিপক্ষে। 

আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব। এতে অংশ নিতে রিয়াজাত শাহর নেতৃত্বাধীন ১৫ সদস্যের উগান্ডা দলে যোগ দেবেন সুমিত।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলে পাঁচ ফিফটিতে ৬০৭ রান করেছেন তিনি, গড় ১৫.৫০ এবং স্ট্রাইক রেট ১৩৯। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০০৯ সালে অভিষেকের পর থেকে ২২.৬৫ গড়ে সাত ফিফটিতে করেছেন ৯৭৪ রান।

হিমাচল থেকে উগান্ডা দলে সুযোগ পাওয়া দ্বিতীয় ক্রিকেটার সুমিত, সব মিলিয়ে পঞ্চম ভারতীয়। 

৩৮ বছর বয়সী রাঘব ধাওয়ান ২০২৩ সালের জানুয়ারিতে হিমাচলের হয়ে শেষ রঞ্জি ম্যাচ খেলেন। উগান্ডার জার্সি গায়ে এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টি খেলে করেছেন ৩৫৩ রান। 

উগান্ডা দলে ভারতের ঘরোয়া ক্রিকেট খেলা বাকি তিন ক্রিকেটার হলেন দিনেশ নাকরানি, শ্রীদীপ মাঙ্গেলা ও গৌরভ তোমার।

এই আসরে ‘বি’ গ্রুপে উগান্ডার সঙ্গী বতসোয়ানা, তানজানিয়া ও স্বাগতিক জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে আছে কেনিয়া, মালাউই, নামিবিয়া ও নাইজেরিয়া। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ফাইনালে ওঠা দুই দল জায়গা পাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে, যা যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।

আফ্রিকা বাছাইপর্বের গত আসরে রানার্সআপ হয় উগান্ডা। এতে ২০২৪ সালে প্রথমবারের মতো তারা খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ও পায় তারা।