Published : 02 Dec 2025, 08:26 PM
প্রশ্নটি হতেই খানিকটা লাজুক হাসি ফুটে উঠল লিটন কুমার দাসের মুখে। সামনের মাইক্রোফোন ঠিক করতে করতে বললেন, “শুনুন…”, এটুকু বলে আবার এক চোট হাসলেন। ঠোঁটে সেই হাসি ঝুলিয়ে রেখেই বাংলাদেশ অধিনায়ক বললেন, “আমি জানি না এই কথাটা কেন আসছে… আমি তো প্রেসে বলিনি…।”
কথাটি তার নেতৃত্ব ছাড়তে চাওয়া নিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে। তার নানা কথায় ফুটে উঠেছিল হতাশা, সেখানে ছিল নেতৃত্ব ছাড়ার ইঙ্গিতও।
পরে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে বিশ্বকাপ নিয়ে একটি প্রশ্নের জবাবে হাঁটতে হাঁটতে তিনি বলেছিলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত আমি (অধিনায়ক) থাকি কি না, দেখেন…।”
সময়ের স্রোতে সেই রাগের ওপর উপলব্ধির পলি জমেছে। তখন ওভাবে বলার জন্যই হয়তো তার হাসিতে মিশে ছিল লাজুকতার ছাপ। পরে নিজেকে সামলে নিলে বললেন, বিশ্বকাপে তিনি অধিনায়ক হিসেবেই যেতে চান।
“এরকম কোনো কিছু না। এটা (অধিনায়কত্ব) একটা বিশাল ভূমিকা, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না এবং কোনো ক্রিকেটারই এই জিনিসটা করবে না। সত্যি বলতে, আমিও করব না।”
“এতদিন ধরে একটা দলকে এই জায়গাটায় টেনে নিচ্ছি, এই জায়গায় নিয়ে এসে দলটাকে গোছানো হয়েছে। প্রত্যেক ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে বিশ্বকাপ। ওই জায়গা থেকে বলব যে, না, এই জিনিস (নেতৃত্ব ছেড়ে দেওয়া) হবে না।”
অধিনায়ক হিসেবে দারুণ সফল সময় কাটছে লিটনের। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন দলকে। এই সংস্করণে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে এ বছরই (১৫টি)। আর একটি ম্যাচ জিতলেই বাংলাদেশের সফলতম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তিনি স্পর্শ করবেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের রেকর্ড (১৬টি করে)।