০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কা সিরিজের আগে দলকে ভারত কোচের বার্তা

দলের কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন গৌতাম গাম্ভির।

শ্রীলঙ্কা সিরিজের আগে দলকে ভারত কোচের বার্তা
ভারত কোচ গৌতাম গাম্ভির। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 09:59 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখতে চান না গৌতাম গাম্ভির। যেকোনো পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলায় দলের সবাইকে শতভাগ তৈরি থাকার তাগিদ দিয়েছেন ভারতের প্রধান কোচ।

শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে ভারত। গলে আগামী ১৫ অগাস্ট শুরু প্রথম টেস্ট। দ্বিতীয়টি কলম্বোয়, শুরু ২৩ অগাস্ট।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ভালো অবস্থায় নেই ভারত। ৯ ম্যাচে চারটি করে জয়-পরাজয় ও এক ড্রয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে তারা। তাদের আছে ওপরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও বাংলাদেশ।

ফাইনালে খেলার লড়াইয়ে থাকতে শ্রীলঙ্কা সিরিজ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে, আসছে সিরিজটিতে দলের কাছে নিজের প্রত্যাশা নিয়ে কথা বলেন গাম্ভির। 

“আমরা জানি, সামনে কী অপেক্ষা করছে এবং কিসের জন্য খেলছি। আমরা কাজের পরিধি বাড়াতে পারি, নিজেদের সীমানাকে ছাড়িয়ে যেতে পারি এবং প্রস্তুতির প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করতে পারি।

১৫ অগাস্ট সকালে, আমরা আগে ব্যাটিং করি কিংবা বোলিং- প্রতিটি প্রশ্নের উত্তর যেন আমাদের কাছে তৈরি থাকে। যেকোনো চ্যালেঞ্জের যেন জবাব দিতে পারি। তাই এখন থেকেই প্রতিটি প্রস্তুতি যেন আমরা নিখুঁতভাবে শেষ করি, সেটি নিশ্চিত করতে হবে।”