১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলম্বো টেস্টে আরেক ক্রিকেটারের শাস্তি

লঙ্কান স্পিনার প্রাবাথ জায়াসুরিয়ার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

কলম্বো টেস্টে আরেক ক্রিকেটারের শাস্তি
দিনের শেষ বলে আউট হন প্রাবাথ জায়াসুরিয়া। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 06:33 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন প্রাবাথ জায়াসুরিয়া। শ্রীলঙ্কান স্পিনারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে।

ভারত ও শ্রীলঙ্কার চলমান কলম্বো টেস্টের মাঝে আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পাওয়া তৃতীয় ক্রিকেটার জায়াসুরিয়া। অন্য দুজন হলেন- ভারতীয় ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল ও লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছেন জায়াসুরিয়া। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে ‘ক্রিকেটের সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম কিংবা অন্যান্য সরঞ্জামের অপব্যবহার’ সংক্রান্ত।

ঘটনাটি ম্যাচের দ্বিতীয় দিন সোমবার ঘটে। দিনের শেষ বলে আউট হয়ে মাঠ ছেড়ে যাওয়ার পথে ব্যাট দিয়ে সীমানা দড়ির ওপর থাকা কুশনে আঘাত করেন জায়াসুরিয়া। এই কারণে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 

অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন জায়াসুরিয়া। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচের প্রথম দিন ‘বাকবিতণ্ডায়’ জড়িয়ে ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানার শাস্তি পান জয়সওয়াল ও আসিথা। তাদের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে ১৭তম ওভারে। জয়সওয়ালকে আউট করে কিছু একটা বলেন আসিথা। ড্রেসিং রুমের পথে থাকা জয়সওয়াল ঘুরে দাঁড়িয়ে পাল্টা জবাব দিতে এগিয়ে যান। আসিথার মাথায় নিজের হেলমেট পড়া মাথা ঠুকে দেন তিনি। শ্রীলঙ্কার অন্য খেলোয়াড়রা এসে পরিস্থিতি শান্ত করেন।