১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্যালিসকে ছাড়িয়ে গেইলের পাশে পান্ত

টেস্ট ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি ছুঁতে পান্তের প্রয়োজন আর দুটি।

ক্যালিসকে ছাড়িয়ে গেইলের পাশে পান্ত
রিশাভ পান্ত। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 09:52 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক ছোঁয়ার পথে আরেকটু এগিয়ে গেছেন রিশাভ পান্ত। সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় এখন যৌথভাবে চার নম্বরে এই কিপার-ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শেষে ৩৬ বলে ২৭ রানে অপরাজিত আছেন পান্ত। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান ২৮ বছর বয়সী ক্রিকেটার।

ভারতের প্রথম ইনিংসের ৬৮তম ওভারে বাঁহাতি স্পিনার প্রবাথ জায়াসুরিয়াকে ছক্কাটি মারেন তিনি। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ফ্লাইটেড ডেলিভারিকে হাফ-ভলিতে পরিণত করে ওয়াইড লং-অনের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলেন বাঁহাতি ব্যাটসম্যান।

৫০ টেস্টে ৯৭টি ছক্কা মেরে এই ম্যাচ খেলতে নামেন পান্ত। এখন তার ছক্কা ৯৮টি। সর্বোচ্চ ছক্কার তালিকায় দক্ষিণ আফ্রিকান গ্রেট জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গেছেন তিনি। ১৬৬ টেস্টে ৯৭টি ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন ক্যালিস।

পান্ত এখন ক্রিস গেইলের পাশে বসেছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার গেইল টেস্ট ক্যারিয়ার শেষ করেন ১০৩ ম্যাচে ৯৮টি ছক্কা মেরে। পান্ত ও গেইল ছাড়াও নিউ জিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার টিম সাউদিও ৯৮টি ছক্কা মারেন, ১০৭ টেস্টে।

২০১৮ সালে টেস্ট অভিষিক্ত পান্ত আর দুটি ছক্কা মারলে ভারতের প্রথম ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করে ফেলবেন।

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে এখন পর্যন্ত ১০০ বা এর বেশি ছক্কার ক্লাবের সদস্য হিসেবে আছেন অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস।

অস্ট্রেলিয়ার সাবেক কিপার-ব্যাটসম্যান গিলক্রিস্ট প্রথম ক্রিকেটার, যিনি ছক্কার শতক করেন। ৯৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ার শেষ করেন তিনি ঠিক ১০০টি ছক্কা মেরে। ম্যাককালাম ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ছক্কা হাঁকান ১০৭টি। আর স্টোকস ১২২ ম্যাচে ১৩৮টি ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন গত জুনে।