২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনটি, বিদায়ের আগে বললেন রাসেল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য স্যাবাইনা পার্ককে আদর্শ মাঠ হিসেবে দেখছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনটি, বিদায়ের আগে বললেন রাসেল
সেই ম্যাচে দলকে জেতানোর পর আন্দ্রে রাসেলের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 03:46 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। উপহার দিয়েছেন অনেক স্মরণীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেলের ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনটি? আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে এই তারকা অলরাউন্ডার বললেন, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমি-ফাইনালে খেলা ইনিংসটি জাতীয় দলের জার্সিতে ১৪১ ম্যাচের মধ্যে তার সবচেয়ে গর্বের মুহূর্ত। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওই ম্যাচে ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় রাসেল যখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন তখন ৪১ বলে ৭৭ রান। ৪ ছক্কা ও ৩ চারে ২০ বলে অপরাজিত ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিয়ে ফেরেন তিনি। 

৮ বলে দরকার যখন ১৮ রান, রাভিন্দ্রা জাদেজাকে পরপর ছক্কা ও চার মেরে শেষ ওভারে সমীকরণ ৮ রানে নামিয়ে আনেন রাসেল। শেষ ওভারে ভিরাট কোহলিকে পরপর চার ও ছক্কা মেরে দুই বল বাকি থাকতে দলের ৭ উইকেটের জয় নিশ্চিত করেন তিনি। 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া সাক্ষাৎকারে ওই ইনিংসকে সেরা মুহূর্ত হিসেবে বেছে নিলেন ৩৭ বছর বয়সী রাসেল।    

“অবশ্যই (আমার সেরা মুহূর্ত ছিল) ২০১৬ বিশ্বকাপ, ভারতের বিপক্ষে সেই সেমি-ফাইনালে খেলা, যেখানে দলকে জয়ের ঠিকানায় নিয়ে গিয়েছিলাম, আমি ও লেন্ডল সিমন্স। অবশ্যই অন্যান্য ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা ভালো শুরু পেয়েছিলাম।” 

“ভারতে ১৯০ এর বেশি রান তাড়া করা, যেখানে দর্শকরা কেবল ভারতকে সমর্থন করছিল, তাই পরিস্থিতি কিছুটা চাপের ছিল। তবে উইকেট খুব ভালো ছিল, তাই চেঞ্জিং রুমে আমাদের যে আত্মবিশ্বাস ছিল এবং যে ব্যাটসম্যানরা আমার পরে ছিল, তা আমাকে মাঠে গিয়ে আমার ভূমিকা পালন করার স্বাধীনতা ও আত্মবিশ্বাস দিয়েছিল।”

পরে কলকাতায় রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চার বছরের মধ্যে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। দুটি সাফল্যেরই অংশ ছিলেন রাসেল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন রাসেল। তার ঘরের মাঠ জ্যামাইকার স্যাবাইনা পার্কে বাংলাদেশ সময় আগামী সোম ও বুধবার সকালে হবে ম্যাচ দুটি।

জাতীয় দলকে বিদায় জানানোর জন্য স্যাবাইনা পার্ককে আদর্শ মাঠ হিসেবে দেখছেন পেস বোলিং অলরাউন্ডার রাসেল। 

“বেশ ভালো লাগছে। আমার মনে হয়, ছোটবেলায় প্রথমবার স্যাবাইনা পার্কে এসেছিলার, তারপর ঘাসের ওপর হাঁটা, আবহ অনুভব করা, স্ট্যান্ডের দিকে তাকানো, সবকিছু দেখা এবং এখন… গত কয়েক বছরে আমি ক্রিকেট থেকে অনেক কিছু অর্জন করেছি। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার যত সুযোগ পেয়েছি, সেখানে আমার সেরাটা দিয়েছি।”

“আমার মতে, আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য এটা আদর্শ মাঠ ও আদর্শ সিরিজ- অস্ট্রেলিয়ার মতো একটি ভালো দলের বিপক্ষে খেলাও। (সামাজিক মাধ্যমে) পোস্ট ও ইন্টারনেটে অনেক বিষয় দেখে, সত্যি বলতে একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। কিন্তু, সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে এবং আমার মনে হয়, আমি যথেষ্ট ভালো করেছি এবং এখন বলতে পারি, হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটে আমি এই পর্যন্তই।”