১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫৬ বলে ১৩৬ তিলাক ভার্মা, ২৫৯ রান তাড়ায় দলের জয়

ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় ফাইনাল জেতার পরদিনই হায়দরাবাদে ফিরে বিধ্বংসী ইনিংসে বিশাল রান তাড়ায় দলকে জেতালেন তিলাক ভার্মা।

৫৬ বলে ১৩৬ তিলাক ভার্মা, ২৫৯ রান তাড়ায় দলের জয়
তিলাক ভার্মাকে দেখা যাচ্ছে তার চেনা উদযাপনে, আর তাকে কুর্নিশ জানাচ্ছেন বাকিরা। ছবি: স্পোর্টস্টার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 01:28 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

শ্রীলঙ্কায় ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রোববার ৬৭ রানের ইনিংস খেলেন তিলাক ভার্মা। ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেন শিরোপা জয়ে। পরদিনই তাকে দেখা গেল হায়দরাবাদে। বিশাল রান তাড়ায় বিধ্বংসী এক অপরাজিত সেঞ্চুরি করে স্মরণীয় জয় এনে দিলেন দলকে।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের টিজি টোয়েন্টি টুর্নামেন্টে সোমবার মেদাক ফ্যালকনসের হয়ে ১৪ চার ও ৮ ছক্কায় ৫৬ বলে ১৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলাক। ওয়ারাঙ্গাল ওয়ারিয়র্সের বিপক্ষে ২৫৯ রান তাড়ায় ৩ উইকেটে জিতে যায় তার দল।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ ছিল এটি। ম্যাচের প্রথম ভাগে তিলাকের চেয়েও বড় ও আরও বিধ্বংসী ইনিংস খেলেন ওয়ারাঙ্গালের আমান রাও পেরালা। ৩২ বলে সেঞ্চুরি করেন এই ওপেনার। শেষ পর্যন্ত আউট হন তিনি ৪৮ বলে ১৪২ রান করে, যেখানে চার ছিল ১২টি, ছক্কা ১৩টি।

২২ বছর বয়সী এই ব্যাটসম্যান গত জানুয়ারিতে ভিজায় হাজারে ট্রফিতে হায়দরাবাদের হয়ে বাংলার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন, লিস্ট ‘এ’ ক্রিকেটে যেটি ছিল তার মাত্র তৃতীয় ম্যাচ।

পেরালার ওই ইনিংসের সঙ্গে কয়েকজনের ক্যামিও মিলিয়ে ২০ ওভারে ২৫৮ রান তোলে ওয়ারাঙ্গাল।

৪৮ বলে ১৪২ রানের ইনিংস খেলেন আমান রাও পেরালা। ছবি: টিজি টোয়েন্টি।

৪৮ বলে ১৪২ রানের ইনিংস খেলেন আমান রাও পেরালা

রান তাড়ায় প্রথম ওভারে ১৭ ও পাওয়ার প্লেতে ৮৫ রান তুলে ছুটতে থাকে ফ্যালকনস। পরে এক প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত। তবে কার্যকর ক্যামিও উপহার দিয়েছেন কয়েকজন। আরেকপ্রান্তে উইকেট ধরে রেখে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জেতান তিলাক।

শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন পড়ে ১১ রানের। প্রথম বলেই লং অন ফিল্ডারের একটু ওপর দিয়ে ছক্কা মেরে দেন তিলাক। পরের দুই বলে দুটি করে রান নেন তিনি মিড উইকেট ফিল্ডারের দুই পাশে বল পাঠিয়ে। 

পরের বলে সিঙ্গল নিয়ে দলকে জিতিয়ে বাঁধনহারা উদযাপনে মেতে ওঠেন ভারতের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক। মাঠে ছুটে গিয়ে তাকে ঘিরে তুমুল উল্লাস করেন সতীর্থরা।

এসব সেঞ্চুরি বা রান অবশ্য রেকর্ড বইয়ে থাকবে না। স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা নেই এই আসরের। তবে ভারতের বিভিন্ন রাজ্যে এই টুর্নামেন্টগুলোতে পারফর্ম করে প্রচুর ক্রিকেটার জায়গা করে নেন আইপিএলসহ ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে।