ত্রিদেশীয় সিরিজ
Published : 29 Nov 2025, 10:37 PM
শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজের দুর্দান্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং। কামিল মিশারার একার লড়াইয়ে কোনোমতে একশ পার করল তারা। ছোট লক্ষ্যে অনায়াস জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে শনিবারের ফাইনালে স্বাগতিকদের জয় ৬ উইকেটে। লঙ্কানদের ১১৪ রানে গুটিয়ে ৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।
টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার কেবল তিন ব্যাটসম্যান ছুঁতে পারেন দুই অঙ্ক। যেখানে ১৫ রান পার করতে পারেন কেবল মিশারা। ৪টি ছক্কা ও ২ চারে ৪৭ বলে ৫৯ রান করেন এই ওপেনার।
লঙ্কানদের ব্যাটিংয়ে ধস নামানো অভিজ্ঞ পেসার আফ্রিদি ও বাঁহাতি স্পিনার নাওয়াজ নেন তিনটি করে উইকেট। ম্যাচ সেরা ও সিরিজ সেরা, দুই পুরস্কারই জেতেন নাওয়াজ। দুই শিকার ধরে অবদান রাখেন লেগ স্পিনার আবরার আহমেদ।
ম্যাচের তৃতীয় ওভারেই প্রতিপক্ষ শিবিরে ছোবল দেন আফ্রিদি। ছক্কার হজমের পরের বলেই পাথুম নিসাঙ্কার স্টাম্প ভেঙে দেন বাঁহাতি এই পেসার।
শুরুর সেই ধাক্কা সামলে ওঠে লঙ্কানরা কুসাল মেন্ডিস ও মিশারার জুটিতে। এক প্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে রান বাড়ান মিশারা, আরেক প্রান্তে তাকে কেবল সঙ্গ দিয়ে যান মেন্ডিস। তাদের ৬৪ রানের যুগলবন্দিতে মেন্ডিসের অবদান স্রেফ ১৪।
মেন্ডিসকে বিদায় করে এই জুটির প্রতিরোধ ভাঙে নাওয়াজ। এরপর বালির বাঁধের মতো লুটিয়ে পড়ে সফরকারীদের ব্যাটিং। ১ উইকেটে ৮৪ থেকে ১১৪ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। শেষ ৯ উইকেট হারায় দলটি কেবল ৩০ রানে।
রান তাড়ায় সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটে পাওয়ার প্লে কাটিয়ে দেয় পাকিস্তান। এই সময়ে রান আসে কেবল ৩২। অষ্টম ওভারে ফারহানকে বোল্ড করে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এশান মালিঙ্গা।
কয়েক ওভার পর সাইমকে এলবিডব্লিউ করে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অধিনায়ক সালমান আলি আগা ও ফাখার জামান কাজ শেষ করে ফিরতে পারেননি। তারা দুইজনই স্পিনার পাভান রাত্নায়েকের শিকার।১ ছক্কা ও ২ চারে ৩৪ বলে ৩৭ বলের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন অভিজ্ঞ বাবর আজম।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৯.১ ওভারে ১১৪ (নিসাঙ্কা ১১, মিশারা ৫৯, মেন্ডিস ১৪, রাত্নায়েকে ৮, পেরেরা ১, শানাকা ২, লিয়ানাগে ০, হাসারাঙ্গা ৫, চামিরা ০, থিকশানা ১, মালিঙ্গা ০*; আফ্রিদি ৩-০-১৮-৩, সালমান ৩.১-০-২৫-১, ফাহিম ১-০-১১-০, আবরার ৪-০-১৮-২, সাইম ৪-০-১৭-১, নাওয়াজ ৪-০-১৭-৩)
পাকিস্তান: ১৮.৪ ওভারে ১১৮/৪ (সাহিবজাদা ২৩, সাইম ৩৬, বাবর ৩৭*, সালমান আগা ১৪, ফাখার ৩, উসমান ৩*; থিকশানা ৪-০-২২-০, চামিরা ৩.৪-০-২১-০, শানাকা ১-০-৭-০, মালিঙ্গা ৩-০-১৬-১, হাসারাঙ্গা ৪-০-৩১-১, মিশারা ১-০-১০-০, রাত্নায়েকে ২-০-১১-২)
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নাওয়াজ
ম্যান অব দা সিরিজ: মোহাম্মদ নাওয়াজ