২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঢাকা ক্যাপিটালস একাদশের বাইরে লিটন

বিপিএলে পরপর তিন ম্যাচে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হওয়ার পর এবার একাদশে নেই লিটন কুমার দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 07:18 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

‘১০ রান করলেও লিটনকে দলে রাখতে চাই’- এক ম্যাচ আগেই লিটন কুমার দাসের ওপর আস্থা রেখে এই কথা বলেছিলেন কোচ খালেদ মাহমুদ। পরের ম্যাচে সেই ১০ রানও করতে পারেননি লিটন। এবার দেখা গেল, ঢাকা ক্যাপিটালসের একাদশে নেই অভিজ্ঞ এই ব্যাটসম্যান। 

চিটাগং কিংসের বিপক্ষে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের একাদশে পরিবর্তন চারটি। এর একটি লিটন দাসের অনুপস্থিতি। এছাড়া রংপুর রাইডার্সের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলা দল থেকে বাদ পড়েছেন হাবিবুর রহমান সোহান, আলাউদ্দিন বাবু ও আমির হামজা হোতাক।

টস হেরে একাদশে চারটি পরিবর্তনের কথা জানালেও কাকে কাকে বাদ দেওয়া হয়েছে, কারা সুডোগ পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা। তাই জানা যায়নি, লিটনের কোনো চোট সমস্যা আছে কি না অথবা বিশ্রাম দেওয়া হয়েছে কি না।

তবে এসবের বাইরেই তাকে বাদ দেওয়ার কারণ আছে যথেষ্ট। প্রথম চার ম্যাচে নিজের সামর্থ্যের কোনো ছাপ তিনি রাখতে পারেননি। 

বিপিএলের উদ্বোধনী দিন রংপুরের বিপক্ষে ৩১ রান করেছিলেন বটে। তবে এই রান করতে তিনি খেলে ফেলেন ২৭ বল। এর মধ্যেও যথারীতি দারুণ কিছু শট তার ছিল। 

কিন্তু পরের তিন ম্যাচে দুই অঙ্ক ছুঁতে পারেননি ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। দুর্বার রাজশাহীর বিপক্ষে তাসকিন আহমেদের দারুণ ডেলিভারিতে তিনি ফেরেন খালি হাতে। পরে খুলনা টাইগার্সের বিপক্ষে করতে পারেন স্রেফ ২ রান। 

মিরপুর থেকে সিলেটে যাওয়ার পর ছন্দহীনতায় ভুগতে থাকা ব্যাটসম্যানকে সাহস দিতে বা তার ওপর ভরসা রাখার কথা বলেন কোচ খালেদ মাহমুদ। স্টাইলিশ এই ব্যাটসম্যান দ্রুত ছন্দে ফিরবে বলেও আশাবাদ জানান তিনি। 

রংপুরের বিপক্ষে সিলেট পর্বের প্রথম ম্যাচে লিটনকে নামানো হয় ৪ নম্বরে। বিপিএলে প্রায় ৯ বছর পর ওই পজিশনে ব্যাট করেন লিটন। সেদিনও হাসেনি তার ব্যাট। ক্রিজে অস্বস্তিময় উপস্থিতি থামে ১৩ বলে ৯ রান করে।

চলতি আসরে চার ইনিংসে তার সংগ্রহ মোটে ৪২ রান, স্ট্রাইক রেট ৮৭.৫০। 

টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরেই অবশ্য চলছে লিটনের খারাপ সময়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের গত আসরে চার ম্যাচের দুটি আশি ছোঁয়া ইনিংস খেলেছিলেন তিনি। এরপর থেকেই যেন বন্দী ব্যর্থতার বৃত্তে বন্দী।

এই সংস্করণে সবশেষ ২৫ ইনিংসে ফিফটি মাত্র একটি, ১৫.২৯ গড় ও ১০০ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩৬৭ রান। দুই অঙ্ক ছোঁয়ার আগে আউট হয়েছেন ১১ বার।