২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফাখারের, বদলি ইমাম

উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলে পাওয়া চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেল পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটসম্যানের।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফাখারের, বদলি ইমাম
ফাখার জামান (বাঁয়ে) ও ইমাম-উল-হাক। ছবি: ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

নিউ জিল্যান্ডের বিপক্ষে হারের পর আরও দুঃসংবাদ পেল পাকিস্তান। টুর্নামেন্টের দ্বিতীয় বলে পাওয়া চোটে পুরো আসর থেকে ছিটকে গেলেন ফাখার জামান।

তার বদলি হিসেবে আরেক বাঁহাতি ব্যাটসম্যান ইমাম-উল-হাকের অনুমোদন দিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টেকনিক্যাল কমিটি।

করাচিতে বুধবারের ম্যাচে শাহিন আফ্রিদির দ্বিতীয় বলে কাভার ড্রাইভ করেন উইল ইয়াং। অনেকটা দৌড়ে সীমানার কাছে বল থামান ফাখার। ডাইভ দেওয়ার পর তার চোখে-মুখে অস্বস্তি ছিল স্পষ্ট।

পরে লম্বা সময় ফিল্ডিং করেননি ফাখার। নিউ জিল্যান্ডের ইনিংসের শেষ দিকে মাঠে ফেরেন তিনি। কিন্তু যথেষ্ট সময় ফিল্ডিং না করায় ওপেনিংয়েও নামতে পারেননি। 

দুই উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন তিনি। তবে ঠিকঠাক দৌড়াতে পারছিলেন না বাঁহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৪১ বলে ২৪ রান করে আউট হন।

ম্যাচ শেষে করানো পরীক্ষায় জানা যায়, পেটের পেশির চোটে ভুগছেন ফাখার। তীব্রতা বেশি হওয়ায় সামনের ম্যাচগুলোও খেলা হবে না তার। এর আগে সাইম আইয়ুবের চোটে দলে এসেছিলেন তিনি।

এবার ফাখারের চোট সৌভাগ্য বয়ে আনল ইমামের জন্য। ২০২৩ বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডে খেলার সুযোগ ২৯ বছর বয়সী ব্যাটসম্যনের সামনে। 

টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান শাহিনসের ('এ' দল) হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৪ বলে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন ইমাম। সব মিলিয়ে ৭২ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৪৮.২৭ গড়ে ইমামের সংগ্রহ ৩ হাজার ১২৭ রান। 

পরাজয়ে যাত্রা শুরুর পর দুবাইয়ে আগামী রোববার ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলবে পাকিস্তান।