১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টিতে ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি অভিষেক হতে পারে দুই জনের।

টি-টোয়েন্টিতে ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে দল। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 12:21 AM

Updated : 11 Sep 2026, 03:37 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়া জিম্বাবুয়ে চার মাস পর, এই সংস্করণে আবার মাঠে নামতে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটির জন্য প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামুরি। আর আড়াই বছর জাতীয় দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান মিল্টন শুম্বা। 

বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা হারিয়ে চমক জাগায় জিম্বাবুয়ে, জায়গা করে নেয় সুপার এইটে। সেই দল থেকে এবার তিনটি পরিবর্তন এনেছে দেশটির নির্বাচকরা। 

বরাবরের মতো এই সংস্করণে দলটিকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।

ব্রেন্ডান টেইলরের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া বেন কারান জায়গা ধরে রেখেছেন। যদিও ওই বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি তার। এবার নিয়ামুরির সঙ্গে কারানেরও টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে।

বাম হাতের চোটে ছিটকে গেছেন গ্রায়েম ক্রিমার। টেইলর ও ক্রিমারের পাশাপাশি বিশ্বকাপ দল থেকে নেই টনি মুনিয়োঙ্গা।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নিয়ামুরির। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ৬ উইকেট নিয়ে ইনিংস ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২০ বছর বয়সী পেসার। পরে প্রথম ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জিততে সাহায্য করেন; ব্যাটিং ধসের মুখে ৫১ বলে ৩৩ রান করার পর, বোলিংয়ে ২২ রান খরচায় দুটি উইকেট নেন তিনি। 

২০২২ সালের পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শুম্বা। জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার আট ম্যাচে ২২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর বুলাওয়ায়োতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, মিল্টন শুম্বা।