Published : 06 Nov 2025, 09:22 AM
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রাইজিং স্টার্স টুর্নামেন্টে শ্রীলঙ্কার স্কোয়াডে রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া ৯ ক্রিকেটারকে। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ক্রিকেটার রেখেছে এখনও পর্যন্ত তারাই। দলকে নেতৃত্ব দেবেন তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ওয়েলালাগে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলেও এখন নিয়মিতই খেলছেন। ২২ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার এখনও পর্যন্ত খেলেছেন ১ টেস্ট, ৩১ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি।
শ্রীলঙ্কা স্কোয়াডের উল্লেখযোগ্য আরও তিনটি নাম রামেশ মেন্ডিস, নিশান মাদুশকা ও মিলান রাত্নায়েকে। ৩০ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার মেন্ডিস খেলেছেন ১৬ টেস্ট, ৪টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। মাদুশকাকে মনে করা হয় লঙ্কান ব্যাটিংয়ের ভবিষ্যৎ। ২৬ বছর বয়সী কিপার-ব্যাটার খেলেছেন ১০ টেস্ট ও ৮ ওয়ানডে। রাত্নায়েকে শ্রীলঙ্কার সবশেষ টেস্ট সিরিজেও খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। ৫টি টেস্ট ও ১টি ওয়ানডে খেলেছেন ২৯ বছর বয়সী পেসার।
এছাড়াও এই স্কোয়াডে আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা ক্রিকেটার আছেন লঙ্কা প্রিমিয়ার লিগে আলো ছড়ানো লেগ স্পিনার ভিজায়কান্থ ভিয়াসকান্থ, স্পিনিং অলরাউন্ডার সাহান আরাচ্চিগে ও নুয়ানিদু ফার্নান্দো, ৩১ বছর বয়সী পেসার প্রামোদ মাদুশান ও ব্যাটসম্যান লাসিথ ক্রুসপুল।
এছাড়া ভিশেন হালামবাগে আছেন স্কোয়াডে, জাতীয় দলে আগে ডাক পেলেও যিনি ম্যাচ খেলার সুযোগ পাননি।
এসিসি ইমার্জিয টিমস এশিয়া কাপ নাম বদল করে এবার থেকে হচ্ছে রাইজিং স্টার্স নামে। আগে অনূর্ধ্ব-২৩ দল খেলানো হতো এখানে, বেশি বয়সী ক্রিকেটার খেলানো যেত তিনজন। এখন আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর ‘এ’ দল খেলানো হয় এই আসরে, সহযোগী দেশগুলো পাঠায় জাতীয় দল বা মিশ্রিত দল।
কাতারের দোহায় এবার টি-টোয়েন্টি সংস্করণের আসর শুরু ১৪ নভেম্বর। শ্রীলঙ্কার গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
শ্রীলঙ্কা স্কোয়াড: দুনিথ ওয়েলালাগে (অধিনায়ক), ভিশেন হালামবাগে, নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, লাসিথ ক্রুসপুল, রামেশ মেন্ডিস, কাভিন্দু ডে লিভেরা, সাহান আরাচ্চিগে, আহান উইক্রামাসিংহে, প্রামোদ মাদুশান, গারুকা সাঙ্কেথ, ইসিথা উইজেসুন্দারা, মিলান রাত্নায়েকে, ভিজায়কান্থ ভিয়ানকান্থ, ট্রাভিন ম্যাথিউ।