Published : 11 May 2026, 01:14 AM
দিপাক চাহারের অফ স্টাম্পের বাইরের বল মিড-অফের ওপর দিয়ে খেলতে চাইলেন ভিরাট কোহলি। কিন্তু টাইমিং হলো না ঠিকমতো। মিড-অফ থেকে একটু ডান দিয়ে দৌড়ে এসে দারুণ ক্যাচ নিলেন রাজ বাওয়া। আবার শূন্য রানে আউট হওয়ার হতাশায় মাঠ ছাড়লেন কোহলি।
রায়পুরে রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রান তাড়ায় কোহলি আউট হন প্রথম বলে, ক্রিকেটের পরিভাষায় যেটিকে বলে ‘গোল্ডেন ডাক।’
আগের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টাসের বিপক্ষে রান তাড়ায় দ্বিতীয় বলে শূন্য রানে আউট হয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা।
আইপিএলে ১৯ বছরের পথচলায় এই নিয়ে দ্বিতীয়বার টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা হলো ভারতীয় ব্যাটিং গ্রেটের। প্রথমবার হয়েছিল ২০২২ সালের আসরে, লখনৌ ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
আইপিএল ইতিহাসের সফলতম ব্যাটসম্যান কোহলি সব মিলিয়ে ১২ বার শূন্য রানে আউট হলেন, বেঙ্গালুরুর কোনো ব্যাটসম্যানের যা সর্বোচ্চ। ২০০৮ সালে আইপিএল যাত্রার শুরু থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলছেন তিনি।
বেঙ্গালুরুর জার্সিতে ৮ বার করে শূন্য রানে আউট হয়ে যৌথভাবে তালিকার দুই নম্বরে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্স।
এবারের আসরে টানা দুই শূন্যর আগের ৯ ম্যাচে কোহলির ব্যাট থেকে আসে ৩৭৯ রান। ফিফটি করেন তিনটি।