১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘১০ বছরে পিএসএল একজন ব্যাটারও কি তৈরি করেছে’, প্রশ্ন ওয়াসিম আকরামের

পাকিস্তানের পেস বোলিং গ্রেটের মতে, যখন ভারতীয় বিস্ময়বালক বৈভাব সুরিয়াভানশির মতো ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারবে, তখন তাদের ক্রিকেটে উন্নতি হবে।

‘১০ বছরে পিএসএল একজন ব্যাটারও কি তৈরি করেছে’, প্রশ্ন ওয়াসিম আকরামের
পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াসিম আকরাম। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 07:35 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

আইপিএল রাঙিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা বৈভাব সুরিয়াভানশিকে নিয়ে আলোচনা চলছেই। ভারতীয় বিস্ময়বালককে এবার উদাহরণ হিসেবে টেনে পাকিস্তানের ব্যাটিং প্রতিভা তৈরির কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। তার মতে, এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অসাধারণ প্রতিভার কোনো ব্যাটসম্যান তৈরি করতে পারেনি পিএসএল।

সুরিয়াভানশির বয়স কেবল ১৫। কিন্তু এরই মধ্যে ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। ২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক তার। প্রথম আসরেই সেঞ্চুরি উপহার দেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আর গত আসরে (২০২৬ সাল) নিজেকে আরও দারুণভাবে মেলে ধরেন তিনি। জিতে নেন টুর্নামেন্টের বেশ কয়েকটি পুরস্কার।

তুমুল আলোচনার পর ভারতের হয়ে ইংল্যান্ডে অভিষেকও হয়ে যায় তার। যদিও সেই সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে রান করেছেন মোট ৪২। পরে জিম্বাবুয়ে সফরে প্রতিভার ঝলক দেখান তিনি।

পিএসএলের পাশাপাশি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে ওয়াসিমের। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি মতে, কিছু বোলিং প্রতিভা তৈরি করতে পারলেও এখনও শীর্ষমানের ব্যাটসম্যান পিএসএল থেকে উঠে আসেনি।

“পিএসএল শুরু হওয়ার পর ১০ বছর কেটে গেছে, কিন্তু পিএসএল কি একজন ব্যাটসম্যানও তৈরি করতে পেরেছে? হ্যাঁ, আমরা কয়েকজন বোলার পেয়েছি, কিন্তু আমাকে বলুন তো উল্লেখযোগ্য কোনো ব্যাটিং প্রতিভা কি আমরা পেয়েছি?”

পাকিস্তান ক্রিকেটের যে ধরনের প্রতিভা খুঁজে বের করা প্রয়োজন, তা বোঝাতে ভারতের সুরিয়াভানশির প্রসঙ্গ টানেন ওয়াসিম।

“আমার মনে হয়, আমরা যখন ওই ১৪ বছর বয়সীর মতো কোনো ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারব, তখনই উন্নতি দেখা যাবে।”

অনেক কম বয়সেই অসাধারণ ব্যাটিং প্রতিভা চিহ্নিত ও গড়ে তোলার মতো একটি ব্যবস্থা তৈরি করতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন ওয়াসিম। তবে সমস্যাটা শুধু দেশটির সবচেয়ে বড় টি-টোয়েন্টি প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটিও সামনে এনেছেন তিনি। প্রতিভার জোগান এবং দীর্ঘ সংস্করণের ক্রিকেটে পারফরম্যান্স উন্নত করতে ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করা জরুরি বলে মনে করেন তিনি।

“লাল বলের ক্রিকেটে উন্নতি করতে চাইলে, ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে হবে। পিসিবির উচিত করাচি ও লাহোরে ১০ কোটি রুপি করে খরচ করা, যেহেতু প্রতিভা ক্লাব ক্রিকেট থেকে আসে।”