১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘পরেরবার সুযোগ পেলে ৪০০ করবে’, মুল্ডারকে বলেছেন লারা

রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য, তাই ভিয়ান মুল্ডারের উচিত ছিল ৪০০ রানের রেকর্ড গড়ার চেষ্টা করা, মনে করেন ব্রায়ান লারা।

‘পরেরবার সুযোগ পেলে ৪০০ করবে’, মুল্ডারকে বলেছেন লারা
ব্রায়ান লারা (বাঁয়ে) ও ভিয়ান মুল্ডার। ছবি: বিসিসিআই ও জিম্বাবুয়ে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্ব রেকর্ডের কাছে গিয়েও, সেটি ভাঙার চেষ্টা না করে যে আলোচনার জন্ম দিয়েছেন ভিয়ান মুল্ডার, তা চলছে এখনও। ক্রিস গেইল, তাব্রেইজ শামসিসহ সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারের পর এবার আলোচনায় যোগ দিয়েছেন লারা নিজেই। ক্যারিবিয়ান কিংবদন্তির মতে, রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল মুল্ডারের। 

গত সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়ো টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির পর প্রথম ইনিংস ঘোষণা করে দেন মুল্ডার। টেস্টে ইনিংস ঘোষণা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সেদিন ৩৬৭ রানে অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। তার সামনে ছিল ২১ বছর আগে লারার করা ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ।

দিনের খেলা শেষে পেস বোলিং অলরাউন্ডার বলেন, লারার প্রতি সম্মান থেকেই ৪০০ রানের রেকর্ডটি তাড়া করেননি তিনি। ক্যারিবিয়ান কিংবদন্তির নামের পাশেই এমন অর্জন মানায়, বলেন মুল্ডার।  

তবে এই বিষয়ে লারার ভাবনা ভিন্ন। মুল্ডারের সঙ্গে ব্যক্তি পর্যায়ের আলাপে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বলেছেন, সামনে এমন সুযোগ এলে যেন রেকর্ড নিজের করে নেন মুল্ডার। 

সুপার স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে লারার সঙ্গে কথোকপথনের বিষয়ে জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

“এখন যেহেতু সবকিছু একটু শান্ত হয়েছে, আমি ব্রায়ান লারার সঙ্গে একটু কথা বলেছি। তিনি আমাকে বলেন, আমি আমার লেগ্যাসি তৈরি করছি এবং আমার সেটা করার চেষ্টা করা (রেকর্ড ভাঙা) উচিত ছিল।” 

“তিনি আমাকে বলেছেন, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তার চাওয়া, আবার যদি এমন কোনো পরিস্থিতি আসে, তাহলে যেন তার চেয়ে আমি বেশি রান করি।”

লারার কথায় আপ্লুত মুল্ডার, তবে নিজের সিদ্ধান্তই সঠিক মনে করেন তিনি। 

“তার দৃষ্টিভঙ্গি দারুণ। তবে আমি এখনও বিশ্বাস করি, আমি সঠিক কাজই করেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, খেলাটার প্রতি সম্মান দেখানো।”