Published : 11 Dec 2025, 10:10 PM
ওভারের প্রথম বলে ছক্কা হজমের পর যেন পথ ভুলে গেলেন আর্শদিপ সিং। এলোমেলো বোলিংয়ে একের পর এক ওয়াইড দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখালেন টি-টোয়েন্টিতে ভারতের সফলতম বোলার।
নিউ চান্ডিগাড়ে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ইনিংসের একাদশ ওভারে মোট সাতটি ওয়াইড দেন আর্শদিপ। ওভার শেষ করতে লাগে মোট ১৩ বল।
এই সংস্করণে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি বলের নজির এটি। অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে নাভিন-উল-হাকের পাশে বসেছেন আর্শদিপ। ২০২৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওভার শেষ করতে ১৩ বল লেগেছিল আফগানিস্তানের এই পেসারের।
তালিকায় তাদের পরে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্ডা মাগালা। ২০২১ সালে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে এক ওভারে তিনি বল করেছিলেন ১২টি।
ভারতীয় বোলারদের মধ্যে এতদিন দীর্ঘতম ওভারের রেকর্ড ছিল যৌথভাবে খালিল আহমেদ ও হার্দিক পান্ডিয়ার, তাদের ওভার শেষ করতে লেগেছিল ১১ বল। ২০১৬ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে পান্ডিয়া ও ২০২৪ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খালিলের এই তেতো অভিজ্ঞতা হয়েছিল।
আর্শদিপের এর আগে এক ওভার শেষ করতে সর্বোচ্চ ১০ বল লেগেছিল দুই দফায়- ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।
আর্শদিপের এবারের ওভারের প্রথম বল বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারেন কুইন্টন ডি কক। এরপর টানা দুটি ওয়াইড দেন ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার। বৈধ দ্বিতীয় বলে রিভার্স সুইপের চেষ্টায় ব্যর্থ হন বাঁহাতি ব্যাটসম্যান। এরপর টানা চারটি ওয়াইড।
পরের তিন বলে আসে চার রান। এরপর আবার একটি ওয়াইড, শেষ বলে আসে সিঙ্গল।
পাওয়ার প্লেতে দুই ওভারে ২০ রান দেওয়া আর্শদিপ এই ওভারেই দেন ১৮ রান। শেষ পর্যন্ত চার ওভারে ৫৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।
ডি ককের ৪৬ বলে ৯০ এবং ডনোভান ফেরেইরা (১৬ বলে ৩০*) ও ডেভিড মিলারের (১২ বলে ২০*) ক্যামিওতে ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা।