১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতল যুবারা

দ্বিতীয় যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারাল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 08:22 AM

Updated : 26 Aug 2026, 01:24 PM

প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে অধিনায়ক বদলে খেলতে নামল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু এটি ছাড়া বদলাল না আর কিছুই। আগের ম্যাচের মতো একই চিত্রনাট্যে আবারও বড় ব্যবধানে জিতল বাংলাদেশের যুবারা। 

আগের ম্যাচের মতো এদিনও টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেও আড়াইশ ছাড়ানো পুঁজি নিয়ে একশর বেশি রানে জেতে বাংলাদেশ।  

বেনোনির উইলমোর পার্কে শনিবার বাংলাদেশের জয় ১০৪ রানে। ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.২ ওভারে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

দুই ম্যাচের পার্থক্য শুধু ব্যবধানে। বৃহস্পতিবার ১৩০ রানে জিতেছিল বাংলাদেশ। এছাড়া ওই ম্যাচে ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। এবার ৬৭ রান করে এই স্বীকৃতি অধিনায়ক আজিজুল হাকিমের।

তবে জাওয়াদ এদিনও করেন ঝড়ো ফিফটি। ১ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে খেলেন ৫৭ রানের ইনিংস। তিন নম্বরে নেমে আজিজুল রাখেন দায়িত্বশীলতার ছাপ। ৪ চার ও ২ ছক্কায় ৯০ বলের ইনিংস সাজান তিনি। 

আগের ম্যাচের মতো এদিনও চার নম্বরে নামা রিজান হোসেন খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস। ৪ চারে ৭১ বলে ৫২ রান করেন পেস বোলিং এই অলরাউন্ডার।

শেষ দিকে সামিউন বশির (২৫), ফরিদ হাসান (১৪*), আল ফাহাদদের (১৫*) ছোট ছোট ইনিংসে আড়াইশ পেরোয় বাংলাদেশ।

রান তাড়ায় আরও একবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। দশ ওভারের মধ্যে তারা হারায় ৪ উইকেট।

চার নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন মোহাম্মদ বুলবুলিয়ার জায়গায় এই ম্যাচে নেতৃত্ব দেওয়া জেমস রোলস। 

এছাড়া কামোগেলো পিরি (২০) ও কোর্নে বোথা (২৬) বিশ ছোঁয়া ইনিংস খেললে দেড়শ ছুঁতে পারে দক্ষিণ আফ্রিকা।

একই মাঠে দুই দলের শেষ ম্যাচ মঙ্গলবার। পরে ত্রিদেশীয় সিরিজ খেলতে তারা চলে যাবে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৬৫/৬ (জাওয়াদ ৫৭, রিফাত ১৮, আজিজুল ৬৭, রিজান ৫২, আব্দুল্লাহ ১০, সামিউন ২৫, ফরিদ ১৪*, ফাহাদ ১৫*; বাসন ৯-০-৫৮-১, সোনি ৯-০-৪৮-১, খিটশিনি ১০-০-৩৫-০, বোথা ১০-০-৬০-২, রোলস ৮-০-৪৩-০, জেমস ৪-০-২১-১)

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৩০.২ ওভারে ১৬১ (আদনান ৫, বুলবুলিয়া ২, মানাক ৫, রোলস ৫১, প্রিটোরিয়াস ১২, পিরি ২০, জেমস ১, বোথা ২৬, খিটশিনি ১৭, বাসন ১১, সোনি ০*; ফাহাদ ৬-১-২৯-২, ইকবার ৫-০-২৫-১, আজিজুল ৬-০-৩৫-২, সানজিদ ৬-০-৩৮-১, সামিউন ৪.২-১-১৮-১, স্বাধীন ৩-১-৯-২)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১০৪ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজে দুই ম্যাচ শেষে বাংলাদেশ ২-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: আজিজুল হাকিম