Published : 19 Jul 2026, 11:24 PM
প্রথম ওভারে দুই বাউন্ডারি হজম করে পরের ওভারে শিকার দুই উইকেট। জবাব বুঝি একেই বলে! পরে নিজের শেষ ওভারেও নিলেন উইকেট, দলকে আরও এক উইকেট এনে দিলেন সরাসরি থ্রোয়ে রান আউটে। সব মিলিয়ে কলম্বো ক্যাপসের হয়ে বেশ ভালো পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশের পেসার।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নিলেন হাসান। আগের দিন এলপিএল অভিষেকে ২.২ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রোববার টস জিতে বোলিংয়ে নামে কলম্বো। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা হাসানকে টানা দুটি চার মারেন লাহিরু উদারা। পরের ওভারে এসে দ্বিতীয় বলে বিদায় করেন তিনি আফগান ব্যাটসম্যান সেদিকউল্লাহ আটালকে, পঞ্চম এলবিডব্লিউ করেন ডেল ফিলিপসকে।
ওভারে ২ রানে ২ উইকেট!
টানা তিন ওভারের স্পেলে পাওয়ার প্লের শেষ ওভারটি ভালো করতে পারেননি তিনি। সেই উদারা এবার মারেন তিনটি চার।
বাকি ওভারটির দায়িত্ব পান তিনি ১৯তম ওভারে। এবার তার দ্বিতীয় বল ছক্কায় উড়িয়ে দেন দাসুন শানাকা। তবে ওভারের শেষ বলে ইয়র্কারে এলোমেলো করে দেন তিনি ওয়ানিন্দু হাসারাঙ্গার স্টাম্প।
ইনিংসের শেষ ওভারে বিনুরা ফার্নান্দোর বলে ভিজায় শাঙ্কারের ক্যাচ নেন হাসান, পরে সরাসরি থ্রোয়ে রান আউট করেন দুশান হেমান্থাকে।
২০ ওভারে ক্যান্ডি রয়্যালস তোলে ১৭৯ রান। উদারার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫৩, অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪১ বলে ৪৫। পরে মইন আলি করেন ১৭ বলে ৪১।
হাসানের তিন উইকেটের সঙ্গে কলম্বোর বিনুরা ৪ উইকেট নেন ৪৫ রান দিয়ে।