Published : 10 Aug 2026, 01:06 AM
ইনিংসের শুরুর দিকে হ্যাটট্রিকের আনন্দে মাতলেন রোহানাত দৌলা বর্ষণ। পরে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের লেজেও ছোবল দিয়ে পাঁচ উইকেট পূর্ণ করলেন ২১ বছর বয়সী পেসার। ছোট লক্ষ্য তাড়ায় মাহফিজুল ইসলাম ও শাহাদাত হোসেনের ফিফটিতে অনায়াসে জিতল বাংলাদেশ ইমার্জিং দল।
প্রিটোরিয়ায় তিন দলের একদিনের ম্যাচের সিরিজে রোববার দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের বিপক্ষে জাকির হাসানের দলের জয় ৮ উইকেটে।
এই দলের বিপক্ষেই প্রথম ম্যাচে ৮৯ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফিরতি দেখায় এবার দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৬৯ রানে। বাংলাদেশ লক্ষ্য ছুঁয়ে ফেলে ৬৯ বল হাতে রেখেই।
হারে সিরিজ শুরুর পর বাংলাদেশের টানা তৃতীয় জয় এটি।
এবারের জয়ের নায়ক রোহানাত আট ওভারে দুই মেডেনে স্রেফ ২৪ রানে নেন ৫ উইকেট।
ওপেনার মাফফিজুল ৯ চারে ১০১ বলে করেন ৬১ রান। টানা দ্বিতীয় ফিফটিতে সাত চারে ৮৯ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিরে ফেরেন শাহাদাত। আগের ম্যাচে তিনি অপরাজিত ছিলেন ৫৬ বলে ৭৩ রানে।
টস জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক জাকির। ইনিংসের দ্বিতীয় ওভারেই মেলে সাফল্য। শুরুর জুটি ভাঙেন আগের ম্যাচে চমৎকার বোলিং করা চৌধুরি মোহাম্মদ রিজওয়ান।
রোহনাত হ্যাটট্রিক করেন দুই ওভার মিলিয়ে। পঞ্চম ওভারের পঞ্চম বলে দারুণ ডেলিভারিতে তিনি বোল্ড করে দেন রিচার্ড সেলেটসওয়েনকে। ইনসুইঙ্গার বলটি ব্যাটসম্যানের ব্যাট ও প্যাডের ফাঁক গলে উপড়ে নিয়ে যায় অফ স্টাম্প। শেষ বলে শর্ট ডেলিভারিতে গ্লাভসে লেগে লেগ সাইডে ধরা পড়েন ড্যানিয়েল স্মিথ।
হ্যাটট্রিকের হাতছানিতে ওয়াইড দিয়ে সপ্তম ওভার শুরু করেন রোহানাত। তবে বৈধ প্রথম বলেই আরেকটি চমৎকার ডেলিভারিতে গোমোলেমো ফিরিকে বোল্ড করে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
শেষ দিকে আরও দুই ব্যাটসম্যানকে বিদায় করে তিনি পূর্ণ করেন পাঁচ উইকেট। ২ উইকেট শিকার করেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক মিচেল ফন বুরেন। তার ১০৬ বলের ইনিংসটি গড়া সাতটি চারে। ৫৮ বলে ৪৫ রান করেন শালক এনগেলব্রেখট।
রান তাড়ায় অষ্টম ওভারে অধিনায়ক জাকির বিদায় নেন ২৬ বলে ২০ রান করে। দ্বিতীয় উইকেটে ১১৫ রানের বড় জুটিতে দলকে এগিয়ে নেন মাহফিজুল ও শাহাদাত।
ফিফটি করে মাহফিজুলের বিদায়ের পর ইফতেখার হোসেনকে নিয়ে বাকিটা সারেন শাহাদাত।
একই দলের বিপক্ষে বুধবার ফাইনালে খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং: ৪৪ ওভারে ১৬৯ (জুমা ৭, কিং ২৫, সেলেটসওয়েন ০, স্মিথ ০, ফিরি ০, ফন বুরেন ৭৩, মোখাকেন ৮, এনগেলব্রেখট ৪৫, স্মিট ১, প্লাটজি ০, মাজোলা ১*; রোহানাত ৮-২-২৪-৫, রিজওয়ান ৬-১-২৮-১, হাসিম ১০-১-২৭-১, এনামুল ৮-০-৩৪-০, সামিউন ৬-০-২৮-১, আমিনুল ৬-০-২৮-২)
বাংলাদেশ ইমার্জিং: ৩৮.৩ ওভারে ১৭০/২ (মাহফিজুল ৬১, জাকির ২০, শাহাদাত ৭২*, ইফতেখার ৮*; মাজোলা ৬-১-২৮-০, স্মিট ৮-০-১৯-১, প্লাটজি ৮-০-৪১-১, ফন বুরেন ২-০-১৬-০, এনগেলব্রেখট ১০-২-২৮-০, মোখাকেন ৩-০-১৯-০, কিং ১.৩-০-১৬-০)
ফল: বাংলাদেশ ইমার্জিং ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রোহানাত দৌলা বর্ষণ।