হেড-আভিষেকের তাণ্ডবে ৯.৪ ওভারেই ১৬৫ তাড়া করে জয় হায়দরাবাদের
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ ওভারের মধ্যে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ।
বল ফেলার যেন জায়গা খুঁজে পেলেন না লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলাররা। ট্রাভিস হেড ও আভিষেক শার্মা একের পর এক বল সীমানার বাইরে পাঠালেন, কোনোটি গড়িয়ে, কোনোটি হাওয়ায় ভাসিয়ে। দুজনের খুনে ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো লক্ষ্য সানরাইজার্স হায়দরাবাদ ছুঁয়ে ফেলল ১০ ওভারের মধ্যেই! দলটির নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
আইপিএলে বুধবার হায়দরাবাদের জয় ১০ উইকেটে। লাক্ষ্ণৌর ১৬৫ রান ৯.৪ ওভারেই পেরিয়ে যায় তারা।
ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ ওভারের মধ্যে সর্বোচ্চ রান তাড়া করে জয় এটিই।
আগের রেকর্ড ছিল ব্রিজবেন হিটের। বিগ ব্যাশের ২০১৯ আসরে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ১৫৭ রানের লক্ষ্য ঠিক ১০ ওভারে ছুঁয়ে ফেলেছিল তারা।
আইপিএলে একশর বেশি রানের লক্ষ্য তাড়ায় সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ডও এখন হায়দরাবাদের, ৬২ বল। ২০২২ আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১৬ রানের লক্ষ্য তাড়ায় দিল্লি ক্যাপিটালসের ৫৭ বল হাতে রেখে জয় ছিল আগের রেকর্ড।
আইপিএলের ম্যাচে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রানের নজিরও নতুন করে লেখা হয়ে গেল এই ম্যাচে। অবিশ্বাস্যভাবে এই তালিকায় প্রথম তিনটি নামই হায়দরাবাদের এবং সবগুলোই হলো চলতি আসরে। লাক্ষ্ণৌর বিপক্ষে ১৬৭ রানের আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ১০ ওভারে ৪ উইকেটে ১৫৮ ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২ উইকেটে ১৪৮ রান করেছিল তারা।
হায়দরাবাদের এবারের ইনিংসে ছক্কা ১৪টি, চার ১৬টি। অর্থাৎ ১৪৮ রানই আসে বাউন্ডারি থেকে, স্রেফ ৩০ বলে।
দলকে রেকর্ড গড়া জয় এনে দিতে ৩০ বলে ৮টি করে ছক্কা ও চারে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেড। ৬ ছক্কা ও ৮ চারে ২৮ বলে ৭৫ রান করেন আভিষেক।
হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে একটি চারে হায়দরাবাদ পায় ৮ রান। এরপর শুরু হয় তাণ্ডব।
দ্বিতীয় ওভারে ইয়াশ ঠাকুরকে চারটি বাউন্ডারি মারেন আভিষেক। তৃতীয় ওভারে কৃষ্ণাপ্পা গৌতামকে তিনটি ছক্কার সঙ্গে একটি চার মারেন হেড। পরের ওভারে ২৪ রানে আভিষেকের ক্যাচ ফেলেন ইয়াশ।
পঞ্চম ওভারে নাভিন-উল-হাকের শেষ পাঁচ বলে চারটি চার ও একটি ছক্কার পথে হেড ফিফটি পূর্ণ করেন ১৬ বলে।
আসরে এই নিয়ে দুই ম্যাচে ১৬ বলে ফিফটি করলেন তিনি। হায়দরাবাদের হয়ে যা যৌথভাবে দ্রুততম ফিফটি। যে রেকর্ডে হেডের সঙ্গী আভিষেক।
পাওয়ার প্লেতে হায়দরাবাদ তোলে ১০৭ রান। আইপিএলে প্রথম ৬ ওভারে যা দ্বিতীয় সর্বোচ্চ। চলতি আসরে হায়দরাবাদই সর্বোচ্চ ১২৫ রান তুলেছিল দিল্লির বিপক্ষে, কোনো উইকেট না হারিয়ে।
আভিষেক এদিন ফিফটি করেন ১৯ বলে। হেডের সেঞ্চুরিও একটা সময়ে মনে হচ্ছিল সম্ভব। জয়ের জন্য দলের দরকার যখন ২৩ রান, শতকের জন্য হেডেরও প্রয়োজন তখন ২৩। তবে অন্য প্রান্তে আভিষেকও বাউন্ডারি মারায় হেডের সেঞ্চুরির সুযোগ আর থাকেনি।
চলতি আসরে ১১ ইনিংসে ২০১.৮৯ স্ট্রাইক রেটে হেডের রান এখন ৫৩৩। চারটি ফিফটির পাশে সেঞ্চুরি আছে একটি। ১২ ইনিংসে ২০৫.৬৪ স্ট্রাইক রেটে আভিষেকের রান ৪০১।
