Published : 10 Sep 2026, 11:34 AM
একটির পর একটি গুগলি বের হলো ইমরান তাহিরের হাত থেকে। ব্যাটসম্যান কখনও ভুল লাইনে খেললেন, কখনও চেষ্টা করেও পারলেন না ব্যাটে-বলে করতে, কখনও বোল্ড হলেন ছেড়ে দিয়ে। তাহির ছুটলেন মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চিরচেনা উদযাপনে। ছুটতে ছুটতে পৌঁছে গেলেন তিনি ইতিহাসের ঠিকানায়, যেখানে পা পড়েনি আগে কারও।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটে চলা তাহির গড়লেন অনন্য এক কীর্তি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ৫ উইকেট শিকার করলেন ১৭ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৪৭ বছর বয়সে ৫ উইকেট শিকারের প্রথম নজির এটি।
৪৭ বছর ১৬৬ দিন বয়সে এই কীর্তি গড়লেন তাহির। পেছনে ফেলে দিলেন তিনি তোমাকানুতে রিতাওয়ার রেকর্ড।
২০২২ সালে ফিজির বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন কুক আইল্যান্ডের এই অফ স্পিনার। সেদিন তার বয়স ছিল ৪৬ বছর ২৯৯ দিন।
বয়স যে কেবলই একটি সংখ্যা, সেই প্রমাণ বারবারই দিয়ে চলেছেন তাহির। এই রেকর্ডের তালিকায় তাকালেই তা ফুটে ওঠে স্পষ্ট হয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের তালিকায় শীর্ষ ছয় কীর্তির চারটিই তাহিরের!
গত সিপিএলেই গায়ানার হয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে ৫ উইকেট শিকারের ম্যাচে তার বয়স ছিল ৪৬ বছর ১৪৮ দিন। ২০২৪ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে চট্টগ্রামে ৫ উইকেট নিয়েছিলেন ৪৪ বছর ৩২৩ দিন বয়সে।
এই রেকর্ডের পাঁচে আছেন প্রকাশ মিশ্র। বুলগেরিয়ার মিডিয়াম পেসার ২০২৩ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৫ উইকেট নেন ৪৪ বছর ১৬৫ দিন বয়সে।
তালিকায় পরের নামটি আবার তাহিরের। ২০২১ সালের দা হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি ৪২ বছর ১৩৫ দিন বয়সে।
এছাড়া ৩৯ বছর ১৯৬ দিন ও ৩৭ বছর ৩২৭ দিন বয়সেও ৫ উইকেট শিকারের নজির গড়েছেন তাহির, এই দুটিই দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিলেন তিনি ৬ বার। স্পিনারদের মধ্যে তিনিই এখন এককভাবে শীর্ষে এখানে। পেছনে ফেলে দিলেন ৫ বার করে ৫ উইকেট শিকারি সুনিল নারাইন ও সাকিব আল হাসানকে।
পেস-স্পিন মিলিয়ে তাহিরের চেয়ে বেশিবার ৫ উইকেট শিকার করেছেন কেবল ডেভিড ভিসা। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত নামিবিয়ান পেসার ৭ বার পেয়েছেন ৫ উইকেটের স্বাদ। ৪১ বছর বয়সী ক্রিকেটার এখনও খেলে যাচ্ছেন বেশ দাপটেই। চলতি ইউরোপিয়ান প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট।
তবে তাহিরের কীর্তি অবিশ্বাস্য আরেকটি দিক থেকে। ৬ বার ৫ উইকেটের সবকটি নিয়েছেন তিনি বয়স ৩৭ পেরিয়ে!