Published : 09 Apr 2026, 07:01 PM
আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা পারভেজ হোসেনকে পেল না লাহোর কালান্দার্স। তার অনুপস্থিতির দিনে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় অল্পতে গুটিয়ে গেল তারা। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বড় হারের ম্যাচে বল হাতে তেমন কিছু করতে পারলেন না অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও।
করাচিতে বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচটি ৯ উইকেটে হারে লাহোর। আগে ব্যাটিং করে ২৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে স্রেফ ১০০ রান করতে পারে দলটি। সেই রান ৫৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় ইসলামাবাদ।
করাচি কিংসের বিপক্ষে আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান পারভেজ। পাঁচটি ছক্কা ও দুই চারে ১৯ বলে ৪৫ রান করেন তিনি।
ইসলামাবাদের বিপক্ষে টসের সময় লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, চোট পেয়েছেন পারভেজ। কী ধরনের চোট, সেটা উল্লেখ করেননি তিনি। তার বদলি হিসেবে এই ম্যাচে জিম্বাবুয়ের লেগ স্পিনিং অলরাউন্ডার রায়ান বার্লকে খেলায় লাহোর।
ইসলামাবাদের বিপক্ষে দুই ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। দুটি চার হজম করে ১৬ রান দেন বাঁহাতি এই পেসার। ডট খেলাতে পারেন তিনটি বল।
ইনিংসের সপ্তম ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনেন আফ্রিদি। প্রথম বলেই চার মেরে তাকে স্বাগত জানান ডেভন কনওয়ে। পরে ঘুরে দাঁড়িয়ে বাকি পাঁচ বলে দেন কেবল তিন রান।
নবম ওভারে ফের বল হাতে পেয়ে প্রথম পাঁচ বলে পাঁচ রান দেন মুস্তাফিজ। শেষ বলে মিড-অফের ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠান মোহাম্মাদ ফাইক।
আসরে আগের তিন ম্যাচেই উইকেটের স্বাদ পেয়েছিলেন মুস্তাফিজ। সবশেষ ম্যাচে করাচির বিপক্ষে ২০ রানে জয়ের পথে ৩ ওভারে ৩৭ রান দিয়ে দুই শিকার ধরেছিলেন তিনি।