Published : 02 Dec 2025, 07:00 PM
ছয় দিনের ব্যবধানে দেখা গেল লিটন কুমার দাসের উল্টো দুটি ছবি। সিরিজ শুরুর আগে তিনি যেন রাগে ফুঁসছিলেন। তার চাপ ক্ষোভ বিস্ফোরিত হয়েছিল সংবাদ সম্মেলনে। সিরিজ শেষে সেই লিটন উঁচিয়ে ধরলেন শান্তির পতাকা। কণ্ঠে আত্মগ্লানি আর আত্মোপলব্ধির ছাপ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, ভবিষ্যতে এসবের পুনরাবৃত্তি আর হবে না।
আয়ারল্যান্ডের বিপক্ষে আপাত নিরুত্তাপ সিরিজের আগের দিন বিতর্কের বারুদ ছড়িয়েছিলেন লিটন। শামীম হোসেনকে দল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন নির্বাচক কমিটিতে। আঙুল তুলেছিলেন বোর্ডের দিকেও। পরে সেটির জবাব দিয়ে ভিডিও বার্তা দেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সব মিলিয়ে দেশের ক্রিকেট হয়ে ওঠে উত্তাল।
সেই উথালপাতাল ঢেউ অনেকটাই শান্ত হয়ে গেছে সময়ের প্রবাহে। ক্ষোভ মিলিয়ে গেছে, নিজেও আয়নার সামনে দাঁড়িয়েছেন। বোর্ডের পক্ষ থেকেও যোগাযোগ করে সবকিছু পরিষ্কার করা হয়েছে বলে লিটন জানালেন সিরিজ শেষে সংবাদ সম্মেলনে।
“দেখুন, হিট অফ দা মোমেন্টে অনেক কিছু হয়েছে। উভয় পক্ষ থেকেই আমাদের হয়েছে। তবে যে জিনিসটা হয়েছে, সেটা ভালো নয়। ক্রিকেটের জন্য ভালো নয়।পরবর্তী সময় থেকে এই জিনিসগুলো হবে না। এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলছি এবং এটার একটা ভালো একটা সমাধান এসেছে।”
লিটনের মন্তব্য ও পারস্পরিক টানাপোড়নে তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, গোটা দলের মনোযোগই তাতে নড়ে যাওয়ার কথা। অধিনায়কের কাজটাও সহজ হওয়ার কথা নয়। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেও গিয়েছিল বাজেভাবে। পরের দুই ম্যাচ জিতে অবশ্য সিরিজ জয় ধরা দিয়েছে।
লিটনের দাবি, তার কাজ খুব কঠিন হয়ে ওঠেনি ওসবের পরও।
“ না, আমার মনে হয় দলের ভেতর কোনো এটার প্রভাব পড়েনি। নরমালি ছিল সবকিছু। যেহেতু আমরা পেশাদার ক্রিকেটার, মাঠে গেলে ক্রিকেটই খেলি, ওদিক থেকে আমাদের কোনো সমস্যা হয়নি।”