‘পাকিস্তানের সঙ্গে আমাদের খেলাই উচিত নয়’
ছেলেদের এশিয়া কাপের পর মেয়েদের এশিয়া কাপেও এসিসি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ট্রফি না নেওয়ার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন মাদান লাল।
এশিয়া কাপের ট্রফি বিতর্ক নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মাদান লাল। মাঠের বাইরের বিবাদের মধ্যে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা চালিয়ে যাওয়া উচিত কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির বিষয়ে ভারতীয় দলের অবস্থানে তেমন কোনো পরিবর্তন আসেনি। রোববার উইমেন’স এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে হারমানপ্রিত কৌরের দল চ্যাম্পিয়ন হলেও, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকভির কাছ থেকে তারা ট্রফি নেয়নি। গত বছর ছেলেদের এশিয়া কাপেও একই দৃশ্য দেখা গিয়েছিল, যখন ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দল নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
উল্লেখ্য যে, এসিসি চেয়ারম্যান নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের পেসার মাদান লাল সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) যদি একই নজির অনুসরণ করে, তাহলে ভারতের উচিত সব প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে খেলা বন্ধ করে দেওয়া।
“আবারও সেই একই পুরনো গল্প। আমরা যদি এভাবেই আচরণ করতে থাকি, তাহলে কোনো ট্রফিতেই পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা উচিত নয়। আমি জানি এটা বোর্ডের সিদ্ধান্ত।”
ফাইনালের পর হারমানপ্রিতদের সঙ্গে মাঠে দেখা যায় ভারতীয় বোর্ডের সচিব দেভাজিৎ সাইকিয়া ও সহ-সভাপতি রাজিব শুক্লাকে। সাইকিয়া পরে বার্তা সংস্থা আইএএনএস-এর কাছে ব্যাখ্যা করেন ভারতীয় দলের ট্রফি না নেওয়ার কারণ।
“আমাদের পুরুষ দল দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল... তবে গত বছরের এপ্রিলে পহেলগাম হামলার পর থেকে পুরো পরিস্থিতিটাই পাল্টে যায়। আমাদের নাগরিকদের পক্ষ থেকে আমাদের ওপর চাপ আছে যে, আমরা যেন আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি এবং তাদের সঙ্গে ক্রিকেট না খেলি। যদিও আমাদের সরকারের একটি নীতি আছে যে, বহুজাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের অবশ্যই প্রতিটি দেশের বিরুদ্ধে খেলতে হবে...।”
কিন্তু তার মানে এই নয় যে আমাদের জন্য রাখা প্রতিটি শর্ত আমরা মেনে চলব। আমাদের সামরিক সংঘাত এখনও চলছে। আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা প্রধান নেতাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না। গত বছর পুরুষ দলের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এবার নারী দলও সংহতি প্রকাশ করেছে।”
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলে না অনেক বছর ধরেই। শুধু এসিসি ও আইসিসি প্রতিযোগিতাগুলোয় মুখোমুখি হয় দুই দল।
