১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টেস্ট অভিষেকে ৭ উইকেট শিকারি সাবেক পাকিস্তানি স্পিনারের মৃত্যু

৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক অফ স্পিনার ও সাবেক আম্পায়ার মোহাম্মদ নাজির।

টেস্ট অভিষেকে ৭ উইকেট শিকারি সাবেক পাকিস্তানি স্পিনারের মৃত্যু
মোহাম্মদ নাজির। ছবি: পাকিস্তান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 11:00 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

পাকিস্তানের সাবেক অফ স্পিনার ও সাবেক আম্পায়ার মোহাম্মদ নাজির আর নেই। দীর্ঘ দিন অসুস্থতায় ভোগার পর বৃহস্পতিবার লাহোরে ৭৮ বছর বয়সে মারা গেছেন তিনি।

তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট।

পাকিস্তানের হয়ে ১৪ বছরে ১৪টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলেন নাজির। টেস্ট অভিষেকেই তিনি উপহার দেন স্মরণীয় পারফরম্যান্স। 

১৯৬৯ সালে করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে স্পিন সহায়ক পিচে প্রথম ইনিংসে ৯৯ রানে ৭ উইকেট নেন নাজির। দুই যুগের বেশি সময় ধরে টেস্টে অভিষেক ইনিংসে পাকিস্তানের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল এটিই। ১৯৯৬ সালে রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের বিপক্ষেই ৬৬ রানে ৭ উইকেট নিয়ে রেকর্ডটি ভেঙে দেন পেসার মোহাম্মদ জাহিদ। 

অভিষেকে ব্যাট হাতে দুই ইনিংসে নাজির খেলেন অপরাজিত ২৯ ও অপরাজিত ১৭ রানের ইনিংস। বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও ১৪ ওভারে রান দেন স্রেফ ১৫।

ড্র হওয়া ওই ম্যাচের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, পাকিস্তানের ব্যাটিং গ্রেট হানিফ মোহাম্মদের শেষ ও তার ভাই সাদিক মোহাম্মদের অভিষেক টেস্ট ছিল সেটি। দুই ভাই ব্যাটিং ওপেন করেছিলেন ম্যাচে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমার হওয়া সত্ত্বেও, অভিষেক সিরিজের পরের ১১ বছরে নাজির টেস্ট খেলার সুযোগ পান মাত্র একটি। ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি খেলার পর আবার তিনি সুযোগ পান ১৯৮০ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ওই সিরিজে ভিভ রিচার্ডসকে তিনবার আউট করেন নাজির। এর মধ্যে দুবার বোল্ড হন বিধ্বংসী ব্যাটসম্যান রিচার্ডস। 

ফয়সালাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টে গতিময় পেসার সিলভেস্টার ক্লার্কের এক ওভারে টানা তিনটি ছক্কা মারেন নাজির। ওই ম্যাচে তিনি ১২০ রান দিয়ে নেন ৮ উইকেট।

ওই সিরিজে ৪ টেস্টে ১৬ উইকেট নেওয়ার পরও ফের বাদ পড়েন তিনি। ১৯৮৩ সালে ভারত সফরে দলে ফিরে খেলেন তিন টেস্ট। ওই বছরই অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট খেলার পর আর কখনও সুযোগ পাননি তিনি।

সব মিলিয়ে ১৪ টেস্টে নাজির উইকেট নেন ৩৪টি। একটি ম্যাচেও অবশ্য জয়ের স্বাদ তিনি পাননি (১১ ড্র, ৩ হার)।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮০ ম্যাচে ১৯.২৬ গড়ে তার উইকেট ৮২৯টি। ইনিংসে পাঁচ উইকেট আছে ৬৩ বার, ম্যাচে ১০ উইকেট ১৬ বার।

খেলা ছাড়ার পর আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন নাজির। পাঁচ টেস্ট ও ১৫ ওয়ানডেতে এই দায়িত্ব পালন করেন তিনি।