১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পালাবদলের সময়’ বলেই অনেক ভুল দেখছেন শ্রেয়াস

আয়ারল্যান্ডে হোয়াইটওয়াশড হওয়ার পর ইংল্যান্ডেও হারের চক্রে থাকা ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের আশা, ভুল থেকে দ্রুত শিখবে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 06:30 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

কিছুতেই যেন কিছু হচ্ছে না। হারের চক্র থেকে বেরই হতে পারছে না ভারত। টি-টোয়েন্টিতে টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন যারা, যে দল হারতেই ভুলে গিয়েছিল, নতুন অধিনায়কের নেতৃত্বে সেই দল জয়ের মুখই দেখতে পারছে না। অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলছেন, দল একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ায় ভুলের পরিমাণও বেশি হচ্ছে। তার আশা, ভুল থেকে দল শিক্ষা নেবেন ক্রিকেটাররা।

শ্রেয়াসের নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি দলের নতুন যাত্রা শুরু হয়েছে সম্প্রতি আয়ার‌ল্যান্ড সিরিজ দিয়ে। সেখানে অবিশ্বাস্যভাবে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে তারা। এরপর ইংল্যান্ডে গিয়েও বদলায়নি চিত্র। পাঁচ ম্যাচ সিরিজের চারটি শেষে ভারত পিছিয়ে আছে ৩-০ ব্যবধানে, একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।

সাত বছর পর এই সংস্করণে টানা দুটি সিরিজ হারল ভারত। 

ব্রিস্টলে বৃহস্পতিবারের ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয় ভারতের। ম্যাচের পর শ্রেয়াস তুলে ধরলেন বদলে যাওয়া সময়ের বাস্তবতা। 

“দেখুন, পালাবদলের সময় চলছে এখন এবং আমরা অনেক ভুল করব। আপনারা দেখছেন, বেশ কজন তরুণ ক্রিকেটার কন্ডিশনে প্রথমবারের মতো খেলছে। ভুলগুলো তাদের অবশ্যই উপলব্ধি করাবে যে, বিদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়া এবং সেই সচেতনতা থাকা কতটা গুরুত্বপূর্ণ।”

বিশ্বকাপজয়ী অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভকে এই সফরে বাদ দিয়েছে ভারত। এছাড়াও বিশ্রামে আছেন জাসপ্রিত বুমরাহ, চোটের কারণে দলে নেই  হার্দিক পান্ডিয়া। বৈভাব সুরিয়াভানশি, প্রিন্স ইয়াদাভ, সুরিয়ানশ শেড়ড়ের মতো ক্রিকেটারদের অভিষেক হয়েছে এখানে। 

শ্রেয়াসের জন্য এই ম্যাচে একটা স্বস্তির ব্যাপার ছিল নিজের রান পাওয়া। ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে এটি তাকে খুব উচ্ছ্বসিত করতে পারছে না। 

“নিজের পারফরম্যান্সে আমি অবশ্যই খুশি, কিন্তু দেখুন, যদি জয়ের ম্যাচের পারফরম্যান্স না হলে সবকিছুই গুরুত্বহীন হয়ে যায়। এই দিকটা নিয়ে আমি খুবই হতাশ। কারণ আমি যখনই খেলি, ভালো খেলতে চাই এবং নিশ্চিত করতে চাই যেন আমার দল জেতে। দুর্ভাগ্যবশত, আজ সেই দিনটা ছিল না। পরের ম্যাচের জন্য অবশ্যই আশা রাখছি।

অধিনায়কের আশা, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের সময়টায় কাজে লাগাবে তার দল। 

“ভুল থেকে দ্রুত শিক্ষা নেওয়াটা জরুরি, যাতে শেষ পর্যন্ত দলও এর থেকে উপকৃত হয়। আমি নিশ্চিত যে, দ্রুত শিখতে পারার মতো ফুটবলার দলে আছে। আমি নিশ্চিত যে, তারা নিজেদের মূল্যায়ন করবে এবং পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরবে।”