Published : 09 Sep 2026, 08:34 PM
হাতছানি ছিল ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরির। তবে এবার আর পারলেন না ইশান কিষান। আরেকটি রেকর্ড অবশ্য ঠিকই গড়ে ফেললেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা দুলিপ ট্রফির ফাইনালে বুধবার দ্বিতীয় ইনিংসে ৯ চার ও তিন ছক্কায় ৯৮ বলে ৮০ রান করেন কিষান।
সাউথ জোনের বিপক্ষে ইস্ট জোন অধিনায়ক কিষান প্রথম ইনিংসে করেন ৩৩৪ বলে ২৭০ রান, যেটি ছয় দশকের বেশি পুরনো প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো কিপার-ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস, ফাইনালে কোনো অধিনায়কের সর্বোচ্চ ইনিংসও।
ম্যাচে কিষানের মোট রান ৩৫০। প্রতিযোগিতাটির ইতিহাসে এক ম্যাচে (দুই ইনিংস মিলিয়ে) কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। তিনি ভেঙে দিয়েছেন রামান লাম্বার প্রায় চার দশকের পুরনো রেকর্ড।
১৯৮৭ সালে ফাইনালে নর্থ জোনের হয়ে ওয়েস্ট জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২০ রান করেন লাম্বা, যা এই প্রতিযোগিতায় এখনও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। ওই ম্যাচে তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন কিষানের আগে সেঞ্চুরির সুযোগ হারান তার প্রতিপক্ষ দলের অধিনায়ক তিলাক ভার্মাও। সেমি-ফাইনালে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলা তিলাক এবার ৯৯ রানে আউট হন বোলারকে ফিরতি ক্যাচ দিয়ে।
প্রথম ইনিংসে ইস্ট জোনের ৭০৮ রানের জবাবে সাউথ জোন থামে ৩৩৬ রানে। ৩৭২ রানের বড় লিড নিয়ে প্রতিপক্ষকে ফলো-অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১২ রানে চতুর্থ দিন শেষ করে ইস্ট জোন। ৫৮৪ রানে এগিয়ে আছে তারা।
ড্রয়ের পথে ম্যাচ। আর ড্র হলে নিয়ম অনুযায়ী, প্রথম ইনিংসে লিড পাওয়ায় চ্যাম্পিয়ন হবে কিষানের ইস্ট জোন, যা এখন প্রায় নিশ্চিত।