Published : 20 May 2026, 06:31 PM
সংবাদ সম্মেলের ১৬ মিনিট তখন পেরিয়ে গেছে। প্রথম ইনিংসে লিটন কুমার দাসের সেঞ্চুরিটি নিয়ে প্রশ্ন উঠল তখন। নাজমুল হোসেন শান্ত হেসে বললেন, “খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করছিলাম যে প্রথম দিনের প্রশ্নটা কেউ করবে…।”
শেষ দিনে জয়ের আগের চাপ, নাটকীয়তা, স্মরণীয় সিরিজ জয়, এসব নিয়েই একের পর এক প্রশ্ন হচ্ছিল। প্রথম দিনের প্রসঙ্গ চাপা পড়েছিল আড়ালে। কিন্তু জয়ের ভিতটা আসলে গড়া হয়েছিল সেদিনই। লিটন যদি অসাধারণ ইনিংসটি না খেলতেন, বাংলাদেশ কার্যত হেরে যেত প্রথম দিনেই।
ঘাসের ছোঁয়া থাকা উইকেটে মেঘলা আকাশের নিচে টস হেরে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। লিটনের রান তখন ২, আরেক প্রান্তে স্বীকৃত কোনো ব্যাটসম্যানই ছিল না।
সেখান থেকেই লোয়ার অর্ডারদের নিয়ে দুর্দান্ত প্রতিরোধে ১২৬ রানের ইনিংস খেলেন লিটন। তাইজুল ইসলা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের সঙ্গী করে দলকে নিয়ে যান তিনি ২৭৮ রানে।
সেই ইনিংসের পথ ধরে নানা নাটকীয়তার পর শেষ দিন সকালে ৭৮ রানের জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথম ইনিংসের শতরানের পর দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে ম্যান অব দা মাচ হন লিটন।
শান্তর মতে, বাংলাদেশের এই জয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব লিটনের এবং সেটি প্রথম ইনিংসের ওই শতরানের কারণেই। আলাদা করে বললেন তিনি লেজের ব্যাটসম্যানদের কথাও।
“আমার মনে হয়, লিটন অসাধারণ। দলের জন্য খেলা আসলে যাকে বলে… আমি বলব তার সেরা ইনিংসগুলির একটি। তাইজুল ভাই, তাসকিন, শরিফুল, রানা, তাদেরকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। ওই জায়গায় লিটন ভাই যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেস…একটা বড় দল হওয়ার লক্ষ্যে যে যাচ্ছে, এতেই বোঝা যায় আসলে।”
“ড্রেসিং রুমেও বিশ্বাসটা সবার ছিল যে এখান থেকে তাইজুল ভাই সাপোর্ট দিবে এবং লিটন রান করতে থাকবে এবং লিটনও মাঠ থেকে মেসেজ পাঠিয়েছিল একবার আমার কাছে যে, আসলে কোন অ্যাপ্রোচে খেলবে। খুব ভালো একটা যোগাযোগ হচ্ছিল এবং এই টেস্ট ম্যাচে এই যে আমরা ম্যাচটা জিতলাম, সবচেয়ে বড় কৃতিত্ব আমার মনে হয় লিটনের ওই সময়কার ব্যাটিংয়ের। অন্যথায় আমরা ওই প্রথম ইনিংসেই অনেক পেছনে পড়ে যেতাম।”
এই নিয়ে টেস্টে দুবার ম্যান অব দা ম্যাচ হলেন লিটন। দুটিই পাকিস্তানের বিপক্ষে এবং দুবারই দলের বিপর্যয়ে সেঞ্চুরি করে। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ১৩৮ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছিলেন তিনি।