১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১০০ টেস্ট খেলে বাদ ব্র্যাথওয়েট, নতুন শুরু চান্দারপলের

১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে টানা ৯০ টেস্টের রেকর্ডসহ মোট ১০০ টেস্ট খেলে ও আট বছর দলকে নেতৃত্ব দেওয়ার পর জায়গা হারালেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

১৪ বছরের ক্যারিয়ার। ১০০ টেস্টের অভিজ্ঞতা। টানা ৯০ টেস্ট খেলার রেকর্ড। আট বছরের নেতৃত্ব। এতটা পথ পেরিয়ে ক্রেইগ ব্র্যাথওয়েট এখন দেখছেন, সামনে আর পথ নেই। টানা বাজে পারফরম্যান্সই তাকে নিয়ে এসেছে এই অনিশ্চয়তার প্রান্তে। এখন তার আবার পথ খুঁজে নেওয়ার লড়াই। আপাতত তাকে ছাড়াই সামনের পথে ছুটবে ওয়েস্ট ইন্ডিজ। 

অভিজ্ঞ ওপেনার জায়গা পাননি ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে। তার বদলে ফিরেছেন তেজনারাইন চান্দারপল।

স্পিন খেলায় দক্ষতাকে ভাবনায় রেখে দলে ফেরানো হয়েছে আরেক ব্যাটসম্যান আলিক আথানেজকে। দ্বিতীয় স্পিনার হিসেবে স্কোয়াডে ঠাঁই পেয়েছেন এখনও টেস্ট না খেলা খ্যারি পিয়ের।

ব্র্যাথওয়েটের বাদ পড়াটাই সবচেয়ে বড় খবর। এক সিরিজ আগেও তিনি ছিলেন দলের অধিনায়ক। তবে নিজের ও দলের ব্যর্থতার পথ ধরে নেতৃত্ব ছাড়েন গত মার্চে। এরপর জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় চেইসের। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে ১৫ রান করার পর সিরিজের শেষ টেস্টে একাদশে জায়গা হারান ব্র্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা সবচেয়ে বেশি টেস্ট (৯০টি) খেলার রেকর্ড গড়ার পর বাইরে বসে থাকতে হয় তাকে। এবার ছিটকে গেলেন স্কোয়াডের বাইরেই।

তার ব্যাটে সবশেষ সেঞ্চুরি এসেছে ৩৬ ইনিংস আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েতে। এই সময়টায় ফিফটি ছুঁতে পেরেছেন স্রেফ তিনবার। সবশেষ ১৭ ইনিংসে ফিফটি করেছেন মোটে একটি। অভিজ্ঞতার কারণে ও যথেষ্ট বিকল্প নেই বলে তবু সুযোগ পেয়েই যাচ্ছিলেন। অবশেষে ফর্মের খেসারত দিতেই হলো ৩২ বছর বয়সী ব্যাটসম্যানকে।

চান্দারপল এখনও পর্যন্ত খেলেছেন ১০ টেস্ট। সবশেষটি গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে। ২০২২ সালে অস্ট্রেলিয়াতেই অভিষেক ইনিংসে ফিফটি ও পরের দুই ইনিংসে ৪৫ ও ৪৭ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল বাঁহাতি ওপেনারের। তৃতীয় টেস্টেই করেছিলেন ডাবল সেঞ্চুরি। তবে পরের ১৪ ইনিংসে ফিফটি না করতে পেরে জায়গা হারান দলে। 

এবার ২৯ বছর বয়সে আবার নতুন শুরুর সুযোগ পেলেন ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট শিবনারাইন চান্দারপলের ছেলে। গত মার্চের পর কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে অবশ্য তাকে দেখা যায়নি। বড় দৈর্ঘ্যের ক্রিকেটের বিশেষজ্ঞ এই ব্যাটসম্যান সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটেও সুযোগ সেভাবে পান না। ভারতে জন ক্যাম্পবেলের সঙ্গে তিনিই হয়তো শুরু করবেন দলের ইনিংস। 

দলে ফেরা আরেক বাঁহাতি ব্যাটসম্যান আথানেজ টেস্ট খেলেছেন ১৩টি। সবশেষটি এই বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে। 

পিয়ের ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ৩ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। এবার ভারত সফরে টেস্ট ক্যাপ পাওয়ার সম্ভাবনা তার প্রবল। স্কোয়াডে মূল স্পিনার জোমেল ওয়ারিক্যান, দুই বিশেষজ্ঞ স্পিনার খেলালে সুযোগ পাবেন পিয়ের। ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১১১ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। তার ব্যাটের হাতও খারাপ নয়। 

ওয়ারিক্যান-পিয়ের দুজনই অবশ্য বাঁহাতি স্পিনার। তবে বিকল্প খুব বেশি নেই ক্যারিবিয়ানে। সম্ভাব্য যিনি থাকতে পারতেন স্কোয়াডে, সেই গুডাকেশ মোটিও বাঁহাতি স্পিনার। সীমিত ওভারের ক্রিকেটের ওয়ার্কলোড বিবেচনায় তাকে রাখা হয়নি টেস্ট স্কোয়াডে। স্পিনে বাড়তি সহায়তার জন্য আছেন অধিনায়ক অলরাউন্ডার চেইস। 

সবশেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্র্যাথওয়েট একাদশে জায়গা হারানোর পর টেস্ট অভিষেকে দুই ইনিংসে তিন রান করা ওপেনার কেভলন অ্যান্ডারসন টিকে গেছেন দলে। ব্র্যাথওয়েট ছাড়াও বাদ পড়েছেন কেসি কার্টি, জোহান লেইন ও মিকাইল লুইস। 

পেস আক্রমণে আলজারি ও শামার জোসেফের সঙ্গে আছেন জেডেন সিলস ও বাঁহাতি অ্যান্ডারসন ফিলিপ।

আগামী ২৪ সেপ্টেম্বর আহমেদাবাদে পা রাখবে ক্যারিবিয়ানরা। প্রথম টেস্ট শুরু ২ অক্টোবর, পরেরটি দিল্লিতে ১০ অক্টোবর। 

২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের সবশেষ ভারত সফরের দল থেকে এবার আছেন স্রেফ চারজন-চেইস, হোপ, আলজারি জোসেফ ও ওয়ারিক্যান। 

আগামী মাসের মাঝামাঝি সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। 

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোস্টন চেইস (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, আলিক আথানেজ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চান্দারপল, জাস্টিন গ্রেভস, শেই হোপ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খ্যারি পিয়ের, জেডেন সিলস।