১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোমাঞ্চকর ম্যাচে ইমরুলদের হার

জাতীয় ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে খুলনা বিভাগকে ২ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো।

রোমাঞ্চকর ম্যাচে ইমরুলদের হার

ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে সেরার পুরস্কার জেতেন শরিফুল্লাহ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 02:26 PM

Updated : 13 Oct 2022, 02:30 PM

জয়ের জন্য চাই ২৮ রান, হাতে ৪ উইকেট। এমন পরিস্থিতিতে ১ রান করতে ২ উইকেট হারিয়ে বসল ঢাকা মেট্রো। আশায় বুক বাঁধল খুলনা বিভাগ। তবে তাদেরকে হতাশায় ডুবিয়ে ঢাকা মেট্রোকে দারুণ এক জয় এনে দিলেন আবু হায়দার রনি ও কাজী অনিক ইসলাম। 

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃহস্পতিবার ইমরুল কায়েসদের খুলনাকে ২ উইকেটে হারিয়ে দিয়েছে ঢাকা মেট্রো। 

১৬৭ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিনে ঢাকা মেট্রোর প্রয়োজন ছিল ৩৯ রান। ১৬ ওভারের মধ্যে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

দিনের চতুর্থ ওভারে ঢাকা মেট্রোর শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান জাহিদুজ্জামানকে ফিরিয়ে খুলনাকে ম্যাচে ফেরান আল আমিন হোসেন। এই পেসারের পরের ওভারে বিদায় নেন রকিবুল হাসানও।

১৩৯ রানে ৮ উইকেট হারিয়ে তখন চাপে ঢাকা মেট্রো। সেই পরিস্থিতি থেকে দলকে জয়ের পথে এগিয়ে নেন আবু হায়দার ও অনিক। 

সাবধানী ব্যাটিংয়ে এক-দুই করে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান তারা। আল আমিনকে চার মেরে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন আবু হায়দার। 

এই পেসার অপরাজিত থাকেন ১৮ রান নিয়ে। তাকে সঙ্গ দেওয়া অনিক করেন ১১ রান। তাদের সৌজন্যে উল্লাসে মাতে ঢাকা মেট্রো। 

ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে সেরার পুরস্কার জেতেন স্পিনিং অলরাউন্ডার শরিফুল্লাহ। 

সংক্ষিপ্ত স্কোর: 

খুলনা ১ম ইনিংস: ১৩১ 

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৫৬ 

খুলনা ২য় ইনিংস: ১৯১ 

ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ১৬৭) ৭০ ওভারে ১৬৮/৮ (আগের দিন ১২৮/৬) (জাহিদুজ্জামান ৩২, রকিবুল ৫, আবু হায়দার ১৮*, কাজী অনিক ১১*; জিয়াউর ৭-২-১৮-০, আল আমিন ১৯-৩-৪৪-২, শেখ মেহেদি ১৩-২-৩৩-১, হালিম ৮-৩-২০-০, নাহিদুল ৯-৪-১৩-০, টিপু ৮-২-১৭-২, সালমান ৬-১-২০-১) 

ফল: ঢাকা মেট্রো ২ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: শরিফুল্লাহ