১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লখনৌ সুপার জায়ান্টসের নেতৃত্ব ছাড়লেন পান্ত

২৭ কোটি রুপিতে দলে নিয়ে পান্তকে অধিনায়কত্ব দেয ফ্র্যাঞ্চাইজিটি, তার হাত ধরে আইপিএলের দুই মৌসুমে সপ্তম ও দশম হয়েছে তারা।

লখনৌ সুপার জায়ান্টসের নেতৃত্ব ছাড়লেন পান্ত
রিশাভ পান্তের নেতৃত্বে আইপিএলের দুই মৌসুমে লখনৌ সুপার জায়ান্টস ১০টি ম্যাচ জিতেছে ও ১৮টি হেরেছে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 07:27 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

আরেকটি হতাশাজনক আইপিএল অভিযান শেষে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন রিশাভ পান্ত। তার নেতৃত্বে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে চলতি আসর শেষ করে দলটি।  

ফ্র্যাঞ্চাইজিটি শুক্রবার সামাজিক মাধ্যমে জানায়, পান্তের নেতৃত্ব ছেড়ে দেওয়ার অনুরোধ তারা গ্রহণ করেছে। এক বিবৃতিতে তার প্রতি কৃতজ্ঞতা জানালেন লখনৌর ক্রিকেট পরিচালক টম মুডি। 

“এই অনুরোধ নিয়ে রিশাভ ফ্র্যাঞ্চাইজির কাছে এসেছিল এবং আমরা সম্মানের সঙ্গেই তা গ্রহণ করেছি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কখনোই সহজ নয়। রিশাভ অধিনায়ক হিসেবে এই ড্রেসিং রুমে যা কিছু করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের মনোযোগ এখন দলের সম্মিলিত প্রচেষ্টার ওপর- সেরা অবস্থায় পৌঁছাতে দল পুনর্গঠন ও পুনর্নির্মাণ করা।”

দিল্লি ক্যাপিটালসে আট মৌসুম কাটানোর পর, ২০২৫ আইপিএলের আগে নিলামে ২৭ কোটি রুপির বিশাল অঙ্কের পারিশ্রমিকে লখনৌতে যোগ দেন পান্ত। আইপিএল ইতিহাসে নিলাম থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারকে প্রত্যাশিতভাবেই দলটির অধিনায়ক করা হয়। কিন্তু ব্যাট হাতে তার সময় ভালো কাটেনি। ওই আসরে একটি সেঞ্চুরির পরও ১৩৩.১৬ স্ট্রাইক রেটে তিনি রান করতে পারেন মোটে ২৬৯। তার দল আসর শেষ করে সপ্তম স্থানে থেকে।

এবারের আসরে তার ব্যাটিং পরিসংখ্যান উন্নত হয়েছে সামান্যই- ১৩ ইনিংসে ১৩৮.০৫ স্ট্রাইক রেটে করেছেন ৩১২ রান। দলের হয়েছে অবনতি। স্রেফ চার জয় ও ১০ হারে দশম স্থানে থেকে আসর শেষ করেছে তারা।

২৮ বছর বয়সী পান্ত ছিলেন লখনৌর দ্বিতীয় অধিনায়ক। তার আগে এই দায়িত্বে ছিলেন লোকেশ রাহুল, যিনি ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তিন মৌসুম দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন। দুইবার প্লে-অফে ও একবার সপ্তম স্থানে থেকে শেষ করার পর, দুই পক্ষের পথ আলাদা হয়ে যায় এবং পান্তের হাত ধরে নতুন করে শুরুর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু পরপর দুটি হতাশাজনক মৌসুমের পর এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে তাদের।