১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোট পাওয়া কোহলির জায়গায় ভারত ওয়ানডে দলে জয়সওয়াল

এই অভিজ্ঞ ব‍্যাটসম‍্যানকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, এখনও জানা নেই ভারতীয় নির্বাচকদের।

চোট পাওয়া কোহলির জায়গায় ভারত ওয়ানডে দলে জয়সওয়াল
ভিরাট কোহলি ও ইয়াশাসভি জয়সওয়াল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 05:19 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম‍্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে চোটের জন‍্য ছিটকে গেছেন ভিরাট কোহলি। অভিজ্ঞ এই ব‍্যাটসম‍্যানের জায়গায় এসেছেন বাঁহাতি ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল। 

আইপিএলে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কোহলি। এই টুর্নামেন্টে খেলার সময়ই হ‍্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। 

ভারতের নির্বাচক কমিটির চেয়ারম‍্যান অজিত আগারকার মুম্বাইয়ে শনিবার নিশ্চিত করেন, আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না কোহলি। তারকা ব‍্যাটসম‍্যানের ফেরার দিনক্ষণ এখনও জানা নেই আগারকারের। তবে তিনি আশাবাদী, ইংল‍্যান্ডের বিপক্ষে পরবর্তী ওয়ানডে সিরিজে খেলবেন কোহলি, যেটি শুরু হবে ১৪ জুলাই।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর, ভারতের হয়ে এখন কেবল ওয়ানডেই খেলছেন কোহলি। সবশেষ তিনি দেশের হয়ে মাঠে নামেন গত জানুয়ারিতে; নিউ জিল‍্যান্ডের বিপক্ষে ২-১ ব‍্যবধানে হেরে যাওয়া সিরিজে ৮০ গড় ও ১০৫.২৬ স্ট্রাইক রেটে ২৪০ রান করেন তিনি। ভারতের হয়ে সিরিজে সর্বোচ্চ রান ছিল তারই। 

আইপিএলে এবার ৫৬.২৫ গড় ও ১৬৫.৮৪ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করেন কোহলি, যা প্রতিযোগিতাটির যে কোনো আসরে তার সেরা। মাত্র তৃতীয় দল হিসেবে আইপিএলে শিরোপা ধরে রাখে বেঙ্গালুরু। 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল‍্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় জয়সওয়ালের। এই সংস্করণে এখন পর্যন্ত চার ম‍্যাচ খেলেছেন তিনি। সবশেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ১১৬ রানের ইনিংস।