Published : 14 Sep 2026, 12:30 PM
আগে ব্যাটিংয়ে নামা দল ৯৯ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচে আর বাকি থাকে কী! মেহেদী হাসান মিরাজ তবু লড়াই করলেন। সিপিএলে ভালো বোলিংয়ের ধারা ধরে রাখলেন বাংলাদেশের এই ক্রিকেটার। তবে স্বল্প পুঁজি নিয়ে ম্যাচ জমাতেই পারল না তার দল গায়ানা অ্যামাজন ওয়ারির্স।
সিপিএলের ম্যাচটিতে বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন মিরাজ। ক্যারিবিয়ার ফ্র্যাঞ্চাইজি আসরটিতে প্রথমবার খেলতে গিয়ে ৩ ম্যাচেই ৯ উইকেট হয়ে গেল তার। ওভারপ্রতি রান দিয়েছেন মোটে ৫.০৮।
৯৯ রানে গুটিয়ে যাওয়া গায়ানাকে এই ম্যাচে ৬ উইকেটে হারায় বারবাডোজ। টুর্নামেন্টের প্রাথমিক পর্বের শেষ ম্যাচ ছিল এটি।
এই ম্যাচের ফলাফলে পয়েন্ট তালিকায় কোনো প্রভাব পড়েনি। মিরাজদের শীর্ষস্থান নিশ্চিত ছিল আগেই, তেমনি বারবাডোজের তৃতীয় স্থানে থাকাও ছিল নিশ্চিত।
ব্রিজটাউনে বাংলাদেশ সময় সোমবার ভোরে টস হেরে ব্যাটিংয়ে নামা গায়ানাকে শুরুতেই নাড়িয়ে দেন এএম গাজানফার। ম্যাচের তৃতীয় ওভারেই শিকার ধরেন তিনি তিনটি। মাভেন্ড্রা ডিন্ডিয়ালকে ফেরানোর পর আফগান স্পিনার টানা দুই বলে বিদায় করেন শেই হোপ ও শিমরন হেটমায়ারকে।
মিরাজ ব্যাটিংয়ে নামে পাঁচে। চাপের মধ্যে শুরু করেন তিনি ধীরস্থির ব্যাটিংয়ে। পাওয়ার প্লে শেষ হওয়ার একটু পর টানা দুই বলে বিদায় নেন ওপেনার গ্লেন ফিলিপস (২৩ বলে ২৪) ও ছয়ে নামা ডোয়াইন প্রিটোরিয়াস।
মিরাজ চেষ্টা করছিলেন লড়াইয়ের। ক্রিস গ্রিনকে চার মারার পর একটি ছক্কাও মারেন তিনি সুইপ শটে। ফিল্ডার জোহান লেইন বল মুঠোয় জমালেও তার পা স্পর্শ করেন সীমানা দড়ি।
তবে ইনিংসটি বড় করতে পারেনিন মিরাজ। ছক্কার চেষ্টাতেই আউট হন ২৪ বলে ১৮ রান করে।
বোলিংয়ে দারুণ সফল হলেও সিপিএলে মিরাজের ব্যাটিংয়ের চিত্র উল্টো। তিন ম্যাচেই পাঁচে নেমেছেনে, রান ছিল আগের দুই ম্যাচে ৪ বলে ১ ও ১৪ বলে ২।
ধুঁকতে থাকা গায়ানা কোনোরকমে করতে পারে ৯৯। আটে নেমে ২২ রান করেন রোমারিও শেফার্ড।
রান তাড়ায় তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বারবাডোজ। এরপর তিনে নামা কুইন্টন ডি কক ৩ রানে বোল্ড হন মিরাজের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে।
এরপর শেরফোন রাদারফোর্ডকেও দ্রুত ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল গায়ানা। কিন্তু ক্যামিও ইনিংস খেলে ম্যাচের উত্তেজনা শেষ করে দেন শাড্র্যাক ডেসকার্ট। তিন ছক্কায় ২০ বলে ৩২ রান করা ব্যাটসম্যানকেও ফেরান মিরাজ। তবে ম্যাচের রোমাঞ্চ ততক্ষণে একরকম শেষ। ব্র্যান্ডন কিং অপরাজিত থাকেন ৪২ বলে ৪৪ রান করে।
টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে লড়বেন মিরাজরা।