১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবারও মুস্তাফিজের ২ উইকেট, দুবাই ক্যাপিটালসের প্রথম জয়

আবু ধাবি নাইট রাইডার্সের ব্যাটিং গুঁড়িয়ে বিশাল ব্যবধানে জিতল দুবাই ক্যাপিটালস।

আবারও মুস্তাফিজের ২ উইকেট, দুবাই ক্যাপিটালসের প্রথম জয়
মুস্তাফিজুর রহমান। ছবি: দুবাই ক্যাপিটালস ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 12:50 AM

Updated : 26 Aug 2026, 05:16 PM

আইএল টি-টোয়েন্টিতে অভিষেকে দারুণ বোলিংয়ের পর আবারও আলো ছড়ালেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার ফের নিলেন দুটি উইকেট। বিশাল ব্যবধানে জিতল তার দল দুবাই ক্যাপিটালস।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার আবু ধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানে হারায় দুবাই। নড়বড়ে শুরুর পর রভম্যান পাওয়েল (৫২ বলে ৯৬*) ও জর্ডান কক্সের (৩৬ বলে ৫২) বিধ্বংসী ইনিংসে ১৮৬ রানের পুঁজি গড়ে তারা। আবু ধাবি গুটিয়ে যায় স্রেফ ১০৩ রানে।

৩ ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেট নেন মুস্তাফিজ। এদিন তিনি ‘ডট’ বল খেলান ১১টি।

নিয়ন্ত্রিত বোলিংয়ে ডেভিড উইলি ও মোহাম্মদ নাবিও দুটি করে উইকেট শিকার করেন। তবে ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে, ৩.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার আফগান বাঁহাতি রিস্ট স্পিনার ওয়াকার সালামখিল।  

প্রথম ওভারে অ্যালেক্স হেলস ও আলিশান শারাফুকে ফিরিয়ে দুবাইকে দারুণ শুরু এনে দেন উইলি। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে দলকে আরেকটি উইকেট এনে দেন মুস্তাফিজ।  

ডট বলে ওভার শুরুর পর দ্বিতীয় বলে মুস্তাফিজকে চার মারেন ফিল সল্ট। পরের চার বলে স্রেফ এক রান দিয়ে উন্মুক্ত চাঁদকে ফেরান ৩০ বছর বয়সী পেসার। ব্যাক অব লেংথে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন কিপার ব্যাটসম্যান। 

পাওয়ার প্লের শেষ ওভারে আবার আক্রমণে এসে শুরুতে খরুচে বোলিং করেন মুস্তাফিজ। তার প্রথম দুই বলে ছক্কা ও চার মারেন সল্ট। তৃতীয় বলে শর্ট ডেলিভারিতে রান আসেনি। চতুর্থ বলে ইংলিশ ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রতিশোধ নেন মুস্তাফিজ। স্লোয়ার অফ কাটারে ড্রাইভ করে কাভার পয়েন্টে ধরা পড়েন ২১ বলে ২৭ রান করা সল্ট। ওভারের শেষ দুই বলে আসে একটি রান। 

এরপর নিয়মিত উইকেট হারায় আবু ধাবি। নবম উইকেট পতনের পর পঞ্চদশ ওভারে বোলিংয়ে এসে একটি চারে ৭ রান দেন মুস্তাফিজ। পরের ওভারেই ম্যাচের সমাপ্তি। 

আসরে প্রথম দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল দুবাই ক্যাপিটালস।   

আগের ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।