১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বড় মঞ্চে ডোনাল্ডের ব্যাটিং দেখার অপেক্ষায় ম্যাককালাম

জস বাটলারের সঙ্গে ডোনাল্ডের কম্বিনেশন দারুণ হবে, মনে করছেন ইংল্যান্ডের সাদা বলের দলের কোচ।

বড় মঞ্চে ডোনাল্ডের ব্যাটিং দেখার অপেক্ষায় ম্যাককালাম
অ্যানাইরিন ডোনাল্ড। ছবি: ইসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 11:41 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে একাদশেও জায়গা করে নিয়েছেন অ্যানাইরিন ডোনাল্ড। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জস বাটলারের সঙ্গে ইনিংস শুরু করবেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় তার ব্যাটিং দেখতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

সাউথ্যাম্পটনে মঙ্গলবার শুরু ইংল্যান্ড-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগের দিন ম্যাচের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।

এই লড়াই দিয়ে ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হবে ডোনাল্ডের। ২০১৭ সালে দাভিদ মালানের পর ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাওয়া সবচেয়ে বেশি বয়সী ব্যাটসম্যান তিনি। দুই দশকের মধ্যে গ্ল্যামরগনের প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশদের হয়ে খেলবেন তিনি।

ইংল্যান্ডের সাদা বলের দলের কোচ ম্যাককালাম জানিয়েছেন, অনেকদিন ধরেই তাদের নজরে ছিলেন ডানহাতি ব্যাটসম্যান ডোনাল্ড।

“জসের সঙ্গে ইনিংস শুরু করবে অ্যানাইরিন, খুবই রোমাঞ্চকর হবে। বেশ কিছুদিন ধরে আমাদের নজরে থাকা ক্রিকেটারদের একজন সে।”

ডান ঊরুর চোট থেকে সেরে ওঠার পথে আছেন ফিল সল্ট। তাই টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তার। বিস্ফোরক এই ওপেনারের জায়গায় সুযোগ পেয়েছেন ডোনাল্ড।

এবারের দা হান্ড্রেডে বড় কোনো ইনিংস খেলতে পারেননি ডোনাল্ড। তবে যতক্ষণ মাঠে ছিলেন, তুলেছেন ঝড়। পাঁচ ইনিংস খেলে প্রতিটিতেই ২০০-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টিতে কমপক্ষে ২৫ ইনিংস খেলা কিংবা এক হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট তার।

সব মিলিয়ে, স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১২ ম্যাচ খেলে ২৪.০৫ গড়ে দুই হাজার ৪৫৪ রান করেছেন ডোনাল্ড। এই সংস্করণে তার স্ট্রাইক রেট ১৭২.২১। ফিফটি আছে ১৮টি, সেঞ্চুরি পাননি এখনও, সর্বোচ্চ ইনিংস ৯১ রানের।

ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিং দেখতে মুখিয়ে থাকার কথা বলেছেন ম্যাককালাম।

“প্রথম বল থেকে আক্রমণাত্মক খেলতে পারে সে, সম্ভবত সল্টির (ফিল সল্ট) খেলার সঙ্গে বেশ মিল আছে। অসাধারণ প্রতিভাবান সে।

“বড় মঞ্চে সে কেমন করে, দেখার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত, জসের সঙ্গে তার কম্বিনেশন দারুণ হবে।”

প্রথম ম্যাচে গতিময় পেসার জফ্রা আর্চারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন জেমি ওভারটন। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি গত মার্চে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে।

প্রথম টি-টোয়েন্টির ইংল্যান্ড একাদশ: হ্যারি ব্রুক (অধিনায়ক), অ্যানাইরিন ডোনাল্ড, জস বাটলার, টম ব্যান্টন, জর্ডান কক্স, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জশ টাং, সনি বেকার, আদিল রাশিদ।