Published : 08 Sep 2026, 11:03 PM
লর্ডস টেস্টে হারের পর পাকিস্তান দলে যে ব্যাপক পরিবর্তন আনা হয়, সে বিষয়ে কোনো ধারণা ছিল না বলে দাবি করেছেন বাবর আজম। দলটির অধিনায়ক বললেন, বাইরের সবার মতো তার কাছেও নতুন খবরের মতো আসে সিদ্ধান্তটি।
এজবাস্টনে বুধবার শুরু ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় ও শেষ টেস্ট। আগের দিন বাবরের সংবাদ সম্মেলনে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। সেখানে দলে রদবদলের বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। এটাকে বরং নতুন খেলোয়াড়দের জন্য ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখছেন বাবর।
“এটা আমার জন্যও নতুন খবর ছিল। আমি পরে জানতে পেরেছি। পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, তাই তারাই এর ভালো ব্যাখ্যা দিতে পারবে।
“পিসিবি নিশ্চয়ই কোনো চিন্তাভাবনা করেই সিদ্ধান্তটি নিয়েছে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা তাদেরই জিজ্ঞেস করা ভালো হবে।”
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান। পরে দ্বিতীয়টিতে পায় ১৯৪ রানে হারের তেতো স্বাদ। পরদিনই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করে, দল থেকে সাতজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
পরে নতুন সাতজনকে দলে ডাকা হয়, যাদের মধ্যে পাঁচজনেরই নেই টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা। সঙ্গে সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে দেওয়া হয় টেস্টের দায়িত্ব।
পিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে বইছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠছে বাবরের নেতৃত্বগুণ নিয়েও। এমনিতেই মাঠে ভালো খেলছে না দল, তার সঙ্গে যুক্ত হয়েছে বাইরের এসব ঘটনা। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও কঠিন হওয়ার কথা বাবরের জন্য। তবে সেই ধারণা উড়িয়ে দিয়েছেন তিনি।
তাত্ত্বিকভাবে পাকিস্তানের দল নির্বাচনের বর্তমান কাঠামো অনুযায়ী, অধিনায়ক হিসেবে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বাবরেরও থাকার কথা। কিন্তু তিনি বলেছেন, দলে এমন ব্যাপক পরিবর্তন তাকেও অবাক করেছে। শৃঙ্খলা ও আচরণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে পিসিবি। এই বিষয়েও নতুন কোনো তথ্য দেননি বাবর।
ইংল্যান্ড সফর শেষে কী হবে, আপাতত সেসব নিয়ে ভাবছেন না বাবর। তার পূর্ণ মনোযোগ এখন বার্মিংহ্যাম টেস্ট।
“সিরিজ হেরে গেছি, এখন আমাদের হারানোর কিছু নেই। আমাদের ভয়ডরহীনভাবে খেলা উচিত এবং দল হিসেবে নিজেদের ওপর বিশ্বাস রাখা উচিত। আমরা কয়েক দিন অনুশীলন করেছি এবং নতুন ছেলেদের সবকিছু বুঝিয়ে দিয়েছি। যে তরুণ খেলোয়াড়ই দলে আসে, সে উচ্ছ্বসিত থাকে এবং সেই উচ্ছ্বাস দেখা যায়। আমি বিশ্বাস করি, ম্যাচেও সেটি ফুটে উঠবে।”