ভারত-নিউ জিল্যান্ড
Published : 26 Jan 2026, 04:56 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ পর্বে কোনো ম্যাচই খেলা হচ্ছে না তিলাক ভার্মার। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশে তাকে পাবে না ভারত।
শুরুতে চলতি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে তিলাককে রাখেনি ভারত। শেষ দুই টি-টোয়েন্টিতে তাকে পাওয়ার আশায় ছিল দল। কিন্তু ওই দুই ম্যাচ থেকেও ছিটকে গেলেন তিনি।
টেস্টিকুলার সার্জারির পর এখন সেরে ওঠার পথে আছেন ২৩ বছর বয়সী তিলাক। ম্যাচ ফিটনেস ফিরে পেতে তাকে বাড়তি সময় দিচ্ছে ভারত। ধারণা করা হচ্ছে, আগামী ৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
তিলাকের বদলি হিসেবে প্রথম তিন টি-টোয়েন্টির জন্য শ্রেয়াস আইয়ারকে দলে যোগ করেছিল ভারত। ওয়ানডের সহ-অধিনায়ককে এখন শেষ দুই ম্যাচেও পাবে তারা। এই মিডল অর্ডার ব্যাটসম্যান অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই।
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ম্যাচের একটিতেও একাদশে ছিলেন না শ্রেয়াস। তিনটি ম্যাচই জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারত।
পাঁচ ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচ আগামী বুধবার ও শনিবার মাঠে গড়াবে।
নিউ জিল্যান্ড সিরিজের ভারতের টি-টোয়েন্টি দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স্যামসন (কিপার), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, আকসার প্যাটে (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদাভ, ভারুন চক্রবর্তী, ইশান কিষান (কিপার), রাভি বিষ্ণই।