১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুমরাহকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা ভনের, ‘তাকে পেলে ইংল্যান্ড বিশ্বকাপ জিতত’

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের দেখা সেরা বোলার ভারতের এই পেসার।

বুমরাহকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা ভনের, ‘তাকে পেলে ইংল্যান্ড বিশ্বকাপ জিতত’
জাসপ্রিত বুমরাহ (বাঁয়ে) ও মাইকেল ভন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 07:58 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

জাসপ্রিত বুমরাহকে নিজের দেখা সেরা বোলার মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার মতে, ভারতীয় পেসার ইংল্যান্ডের হলে তারাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতত।   

‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে বুধবার আরও দুই সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড ও অ্যালেস্টার কুকের সঙ্গে আলোচনায় ছিলেন ভন। সেই আলোচনার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে ভন লেখেন, “বুমরাহকে পেলে ইংল্যান্ড বিশ্বকাপ জিতত…।”

ওই আলোচনায়ও একই কথা বলেন সাবেক ব্যাটসম্যান ভন, “আমার মতে, যদি জাসপ্রিত বুমরাহকে ইংলিশ দলে রাখেন, তাহলে তারা এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) জিতবে। সে সম্ভবত লিওনেল মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদোর মতো, এই ধরনের…।”

পাশে থাকা লয়েড তখন ভনকে জিজ্ঞেস করেন, “তুমি কি বলোনি যে, তোমার দেখা সেরা বোলার সে?”

ভন উত্তর দেন “হ্যাঁ, আমি তাই দেখেছি।”

“আর মনে রাখবেন, আমি ক্রিকেট দেখা শুরু করি সম্ভবত ৮৫-৮৬ সাল থেকে, তখন থেকে আমি সত্যিই ক্রিকেট নিয়ে গবেষণা শুরু করেছিলাম। আমার দেখা সেই সেরা।”

ব্যাটিং গ্রেট কুকও এরপর প্রশংসায় ভাসান ৩২ বছর বয়সী বুমরাহকে।

“টেস্ট ক্রিকেটে ম্যাচ জেতানো স্পেলের ক্ষেত্রে সে কি সেরা? নিঃসন্দেহে সব ফরম্যাটের সেরা বোলার সে। নির্ধিদ্বায় এটা বলেতে পারো, তাই নয় কি?”

“সে কি টেস্ট ম্যাচের মতো কিছু স্পেল করেছে? এক্ষেত্রে আমি বিশেষজ্ঞ নই।”

তখন ভন বলেন, “অস্ট্রেলিয়ায় তার কিছু স্পেল দেখেছি আমি এবং সে একেবারেই ব্যতিক্রমী একজন।”

২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে বোর্ডার গাভাস্কার-ট্রফিতে ভারতের বোলিং আক্রমণকে প্রায় একাই টানেন বুমরাহ। অসাধারণ পারফরম্যান্সে উইকেট নেন রেকর্ড ৩২টি, বোলিং গড় ছিল ১৩.০৬।

এই বুমরাহই বড় ভূমিকা রাখেন ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় করে দিতে। ওয়াংখেড়েতে রান জোয়ারের ম্যাচে ইংল্যান্ডের রান তাড়ায় অষ্টাদশ ওভারে মাত্র ৬ রান দিয়ে বড় পার্থক্য গড়ে দেন তিনি। চার ওভারে ৩৩ রান দিয়ে একটি উইকেট নিয়ে গোটা ম্যাচে সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন তিনিই।

পরে ফাইনালে নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ভারতের শিরোপা জয়েও উল্লেখযোগ্য অবদান রাখেন বুমরাহ। চার ওভারে স্রেফ ১৫ রানে ৪ উইকেট নিয়ে ‘ম্যান অব দা ম্যাচ’ হন তিনি।

ওভারপ্রতি কেবল ৬.২১ করে রান দিয়ে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে স্বদেশি স্পিনার ভারুন চক্রবর্তির সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বুমরাহ।